চট্টগ্রামে যাত্রীর ফেলে যাওয়া দামী ক্যামেরাসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র ফিরিয়ে দিয়ে সততার অনুপম দৃষ্টান্ত স্থাপন করলেন সিএনজি অটোরিক্সা চালক কামরুল ইসলাম (৩৮)। এক সন্তানের জনক কামরুলের গ্রামের বাড়ি নোয়াখালী। ঈদগাঁও এলাকায় ভাড়া থাকেন। জানা যায়, গতকাল শুক্রবার সকাল ৯টায় নগরীর চেরাগী পাহাড় মোড় থেকে অটোরিক্সা ভাড়া করে অক্সিজেন মোড় যাচ্ছিলেন অধ্যাপক রাজীব বিশ্বাস, প্রভাষক পলাশ কান্তি নাথ রণী ও অ্যাড. শুভাশীষ শর্মা। অক্সিজেন বাস স্টেশন নেমে তারা মাইক্রোবাস যোগে হাটহাজারীর উদ্দেশে যাত্রাকালে তাদের সঙ্গে থাকা জিনিসপত্র হারিয়ে যাওয়ার বিষয়টি টের পান। এরপর তারা আবারো অক্সিজেন স্টেশনে এসে খোঁজাখুঁজি শুরু করেন। এ ঘটনার আধঘন্টা পর প্রভাষক পলাশের মোবাইলে ফোন করে জিনিসপত্র পাওয়ার কথা জানান কামরুল। পরে অর্ধলক্ষ টাকা দামের ক্যামেরাসহ ব্যাগটি পত্রিকার এজেন্ট গণি স্টোরের মালিক আবদুল গণির মাধ্যমে ব্যাগের মালিকের কাছে বুঝিয়ে দেন। কামরুল বলেন, যাত্রীরা ভুলে তার গাড়িতে ক্যামেরাসহ ব্যাগটি ফেলে গিয়েছিল। আমি দেখতে পেয়ে ব্যাগে থাকা ডায়েরি থেকে মোবাইল নাম্বার নিয়ে ফোন করি। এরপর গণি স্টোরে ব্যাগটি বুঝিয়ে দেই।
