বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার ও সাবেক পানিসম্পদ মন্ত্রী ইঞ্জিনিয়ার এলকে সিদ্দিকী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। দীর্ঘদিন ফুসফুসজনিত রোগে আক্রান্ত থাকার পর চিকিত্সাধীন অবস্থায় গতকাল শুক্রবার সকাল ১১টায় সিঙ্গাপুরের এক হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
আগামীকাল রবিবার সকালে নয়াপল্টন বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে মরহুমের প্রথম জানাজা। এরপর দ্বিতীয় জানাজা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হওয়ার পর চট্টগ্রামের জমিয়তুল ফালাহ মসজিদ ময়দান, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল ও সীতাকুণ্ড উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকেই তিনি দলটির সাথে জড়িত ছিলেন। তিনি চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে ৩ বার সংসদ সদস্য নির্বাচিত হন।
ইঞ্জিনিয়ার এলকে সিদ্দিকী বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রিসভায় বিদ্যুত্ প্রতিমন্ত্রী পরবর্তীতে খালেদা জিয়ার দ্বিতীয় মেয়াদের মন্ত্রিসভায় পানিসম্পদ মন্ত্রীর দায়িত্ব পালন করেন। চট্টগ্রামে বহু শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। তার মৃত্যুতে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম মনজুর আলম, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গিয়াসউদ্দিন কাদের চৌধুরীসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
