গোপালগঞ্জে মার্কিন প্রবাসীকে কুপিয়ে মারাত্মক জখম

আপডেট : ০১ আগস্ট ২০১৪, ২২:৩৭
গোপালগঞ্জে আমেরিকা প্রবাসী সাইফুল ইসলাম মোল্লা রাসেলকে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে মারাত্মক জখম করেছে । গতকাল শুক্রবার সকালে শহরের লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, প্রতিপক্ষের ১৫/২০ জন রামদাসহ দেশীয় ধারালো অস্ত্র দিয়ে উপর্যপুরি রাসেলকে কুপিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে রাসেলের অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ৪ জনকে আটক করেছে। এ ঘটনাকে কেন্দ্র করে গোপালগঞ্জ শহর, ঘোষেরচর ও মিয়াবাড়ি এলাকায় উত্তেজনা বিরাজ করছে। রাসেল গোপালগঞ্জ পৌরসভার অবসরপ্রাপ্ত সচিব শহরতলীর ঘোষেরচর দক্ষিণপাড়া গ্রামের আব্দুল হক বাচ্চু মোল্লার ছেলে।