নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার সোনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামানের নির্দেশে সেবা কেন্দ্রের চাবি সচিবের নিকট থাকায় কেন্দ্রটি প্রায় বন্ধই থাকে। ফলে সরকার যে উদ্দেশে তথ্য সেবা কেন্দ্র চালু করেছে তা সম্পূর্ণ ব্যর্থ হচ্ছে।
সোনাপুর ইউনিয়নের কতিপয় মেম্বার ও এলাকার জনগণের পক্ষ থেকে জানানো হয়, সরকার ইউনিয়নবাসীকে যাবতীয় তথ্য সেবা প্রদানের উদ্যেশ্যে ইউনিয়ন তথ্য সেবা চালু করে। এ কেন্দ্রের মাধ্যমে ইউনিয়নবাসীকে কম্পিউটার কম্পোজ, কম্পিউটার প্রশিক্ষণ, ইন্টারনেট সেবা, ফটোকপিসহ যাবতীয় সেবা প্রদান করার কথা। কিন্তু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান পরিষদের দপ্তরে আসেন না, সাথে পরিষদের সচিবও আসেন না। এরই মধ্যে চেয়ারম্যান তথ্য সেবা কেন্দ্রের চাবি সচিবের নিকট রাখায় তথ্য সেবা কেন্দ্রটি বন্ধ রাখতে হয়। সেবা কেন্দ্রে নিয়োজিতরা বাহিরে থাকতে হয়। ফলে ইউনিয়নবাসী তথ্য সেবা কেন্দ্রের সেবা প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছে।
এদিকে চেয়ারম্যানের বিভিন্ন দুর্নীতি, স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে ইউনিয়নের ১১ জন মেম্বার সোনাইমুড়ি উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দায়ের করে।
চেয়ারম্যানের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
