আমতলী-ঢাকা রুটে লঞ্চ চলাচল বন্ধের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

আপডেট : ০১ আগস্ট ২০১৪, ২২:৩৯
আমতলী সবুজবাগ-ঢাকা নৌরুটের চলাচলকারী লঞ্চ চলাচল বন্ধের বিরুদ্ধে শুক্রবার সকালে লঞ্চঘাট টার্মিনালে যাত্রীদের পক্ষে সংবাদ সম্মেলন করেন আমতলী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মতিয়ার রহমান। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন দীর্ঘদিন যাবত্ সাগর কোম্পানি যাত্রীদের জিম্মি করে আমতলী- ঢাকা রুটে লঞ্চ চালাচ্ছে। অন্য কোন কোম্পানির লঞ্চ এ রুটে ঢুকতে দিচ্ছে না। সম্প্রতি সুন্দরবন-৫, হাসান- হোসেন, এমভি ইয়াদ আমতলী-ঢাকা রুটে চলাচল শুরু করে। এ সুবাদে যাত্রীরা নিরবছিন্নভাবে চলাচল করে আসছে। এতে সাগর কোম্পানির মালিক মামলাসহ বিভিন্ন ভাবে এ রুটের চলাচলকারী লঞ্চ বন্ধের চেষ্টা চালাচ্ছেন। সংবাদ সম্মেলনে পৌর মেয়র এ রুটে যাত্রীদের সুবিধার্থে অন্যান্য কোম্পানির লঞ্চ চলাচল অব্যাহত রাখার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মজিবুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার দেওয়ান মজিবুর রহমান প্রমুখ।