ঠাকুরগাঁওয়ে অগ্নিদগ্ধ গৃহবধূর মৃত্যু

আপডেট : ০১ আগস্ট ২০১৪, ২২:৩৯
যৌতুকের দাবি মেটাতে না পারায় পেট্রোলের আগুনে পুড়ে ৯ দিন যন্ত্রণায় ভুগে অবশেষে বৃহস্পতিবার রাতে গৃহবধূ জোনি আক্তার (২০) মারা গেছে। এ ঘটনায় গৃহবধূর বাবা জনাব আলী বাদী হয়ে জামাতা সোহেল রানাসহ তিনজনকে আসামি করে মামলা দায়ের করেছে। জানা যায়, ঠাকুরগাঁও পৌরসভার শান্তিনগর এলাকার জনাব আলীর মেয়ে জোনির সাথে ৩ বছর আগে প্রতিবেশি সোহেল রানার বিয়ে হয়। যৌতুকের দাবিতে সোহেল রানা প্রায় সময় স্ত্রী জোনির উপর অত্যাচার করে আসছিল। এ নিয়ে স্থানীয়ভাবে বেশ কয়েকবার সালিশ বৈঠকও হয়। গত ২২ জুলাই রাত ৩টায় ঘুমন্ত জোনির ওপর পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয়। মুমূর্ষু অবস্থায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিত্সকগণ ঢাকার বার্ন ইউনিটে রেফার্ড করেন। কিন্তু অর্থাভাবে ঢাকায় নিতে না পারায় রংপুর হাসপাতালেই নয় দিন মৃত্যুর সাথে লড়েছে জোনি। অবশেষে বৃহস্পতিবার রাতে জোনিকে রংপুর থেকে ঠাকুরগাঁওয়ে আনার পথে সৈয়দপুরে তার মৃত্যু হয়।