ফরিদগঞ্জে স্ত্রীকে বেড়ানোর নাম করে এনে জোরপূর্বক বিষ খাইয়ে হত্যা করেছে পাষন্ড স্বামী। বৃহস্পতিবার গভীর রাতে হতভাগ্য স্ত্রী স্বপ্নার লাশ চাঁদপুর-ফরিদগঞ্জ সড়কের বাগড়াবাজার এলাকায় রাস্তা থেকে তুলে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসে পথচারীরা । জানা গেছে, উপজেলার পশ্চিম দায়চারা গ্রামের হুমায়ূনের মেয়ে স্বপ্না আক্তারের (১৮) গত ছয় মাস আগে বিয়ে হয় ভঙ্গেরগাঁও গ্রামের মালেক পাটওয়ারীর ছেলে বাদল পাটওয়ারীর সঙ্গে। স্বজনরা জানায়, যৌতুকের জন্য স্বপ্নাকে প্রায়শই মারধর করত তার স্বামী বাদল। স্বামীর অত্যাচারে সহ্য করতে না পেরে এক পর্যায়ে স্বপনা তার বাবার বাড়িতে চলে আসে। বৃহস্পতিবার দুপুরে স্বামী বাদল তাকে শহরে বেড়ানোর নাম করে বাড়ি থেকে নিয়ে যায়। শহরের বিভিন্ন স্থানে সারাদিন বেড়ানোর পর রাতে বাড়ি যাওয়ার পথে স্বপ্নাকে চলন্ত অটোরিকশার মধ্যে জোরপূর্বক বিষপান করিয়ে হত্যা করে রাস্তায় ফেলে রেখে বাদল পালিয়ে যায়।
