হাসপাতালের পরিবেশ অসহনীয়পর্যায়ে

আপডেট : ০১ আগস্ট ২০১৪, ২২:৪২
অপরিকল্পিত সিদ্ধান্তে রাজবাড়ীর গোয়ালন্দে পৌর এলাকার মধ্যে বিআইডব্লিউটিসি’র রোড ভেহিক্যাল ডিজিটাল ওয়ে-ব্রিজ স্কেল (ওজন নির্ণয় যন্ত্র) স্থাপনে যানজটসহ মারাত্মক জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। এতে করে ওয়ে-ব্রিজ স্কেলের মাত্র ২শ’ গজ দূরে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল থেকে বের হওয়ার একমাত্র রাস্তাটি বন্ধ হয়ে যাওয়াসহ বিভিন্ন গাড়ির হর্নে হাসপাতালের স্বাভাবিক পরিবেশ মারাত্মক ব্যাহত হচ্ছে। গত মঙ্গলবার রাত ১০টার দিকে দৌলতদিয়ায় অজ্ঞান পার্টির কবলে পড়া দুজন মুমূর্ষু রোগীকে একটি থ্রী হুইলার গাড়িতে হাসপাতালে নিয়ে আসছিল স্থানীয়রা। এসময় হাসপাতাল গেটের কাছে ভয়াবহ যানজটে আটকে পড়ে তাদের গাড়িটি। উপস্থিত আরো কয়েকজনের সহযোগিতায় কোন রকমে গাড়িটি হাসপাতালে প্রবেশ করানো হলেও ততক্ষণে রোগী দুটির প্রাণ প্রায় যায় যায়। এতে করে হাসপাতালের একমাত্র গেইটটি বন্ধ হয়ে যায়। এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডাঃ আজিজুর রহমান খান জানান, গোয়ালন্দ উপজেলার একমাত্র হাসপাতালের সামনে সারাক্ষণ এভাবে যানজট লেগে থাকায় জরুরীভাবে এম্বুলেন্স তো দূরের কথা একটি রিকশাও নির্বিঘ্নে হাসপাতালে প্রবেশ করতে পারে না। তাছাড়া যানজট থাকায় অত্যধিক হর্ন বাজে। এতে হাসপাতালের স্বাভাবিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে রাতে বিভিন্ন গাড়ির হর্নে হাসপাতাল এলাকার পরিবেশ রোগীদের জন্য দুর্বিষহ হয়ে ওঠে।