লোহাগাড়ায় কাটা গাছের হাট

আপডেট : ০১ আগস্ট ২০১৪, ২২:৪৩
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা সদরের ঐতিহ্যবাহী এক হাটের নাম দরবেশ হাট। হযরত শাহপীর (রাহঃ) আউলিয়ার দরবেশের নামে এ হাটের নামকরণ। সপ্তাহে দু’দিন শুক্রবার ও সোমবার হাটটি বসে। দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটি পুরনো হাট হিসেবে এটির বেশ পরিচিতি রয়েছে। তখনকার আমলে চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়া, দোহাজারী ও চকরিয়া থেকে ক্রেতারা বিয়ের বাজার, কাপড় ও বাঁশ-বেতের তৈরি বিভিন্ন হস্ত সামগ্রী কিনতে এখানে আসত। কিন্তু কালের বিবর্তনে সে দৃশ্যপট আর নেই। বর্তমানে এটি কাটা গাছের হাট হিসেবে বেশ পরিচিতি লাভ করেছে। হাটের উভয় পার্শ্বে আধা কিলোমিটার এলাকাসহ অন্যান্য এলাকা জুড়ে শুধু কাটা গাছ আর কাটা গাছ। ব্যবসায়ীরা রাস্তার উভয় পাশে বিক্রির জন্য এসব সাজিয়ে কাটা গাছ রেখেছে। চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে ক্রেতারা এসে পাইকারি-খুচরা কাটা গাছ ক্রয় করে। ফলে কাটা গাছের জন্য এ হাটটি চট্টগ্রামের সেরা।