অতিবর্ষণে পুরো ছাদ দিয়ে অবিরাম টুপটাপ বৃষ্টি পড়ছে। আগেই ফাইলপত্র অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। বর্ষা শুরু থেকেই অফিসকক্ষে বসবাসের অবস্থা নেই কর্মকর্তা ও কর্মচারীদের। ছাদ ধসে যে কোন সময় মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে এমনি আশংকা রয়েছে। এ নাজুক অবস্থার চিত্র বেতাগী উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের।
সরেজমিনে উপজেলা কৃষি অফিসে দেখা গেছে, ছাদের পলেস্তারা খসে পড়ছে। পুরো ছাদ দিয়ে টেবিলের উপর অবিরাম বৃষ্টির পানি পড়েছে। অফিসে বসার কোন অবস্থা নেই। প্রয়োজনীয় অনেক জিনিসপত্র, ফাইল বৃষ্টির পানিতে নষ্ট হচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা জাকির হোসেন তালুকদার জানান, এটা অনেক পুরাতন বিল্ডিং। পুরো ভবনটি ড্রাম হয়ে গেছে। অফিসের সকল রুমেরই প্রায় একই অবস্থা। সংস্কার করা না হলে যে কোন সময় দুর্ঘটনা ঘটে মারাত্মক আকার ধারণ করতে পারে। তিনি আরও বলেন, বর্ষণে অফিসের পুরো ছাদ দিয়ে পানি পড়ছে। দীর্ঘদিন ধরে অফিসে বসতে পারছে না।অফিসের বারান্দায় টেবিল বসিয়ে সরকারি কাজকর্ম করতে হচ্ছে।
