মির্জাপুরে প্রবাসীর স্ত্রী খুন

পাঁচ দিনেও কেউ গ্রেফতার হয়নি

আপডেট : ০১ আগস্ট ২০১৪, ২২:৪৪
টাঙ্গাইলের মির্জাপুরে কুমারজানি উত্তরপাড়া হাতেম টাউন এলাকায় সিংগাপুর প্রবাসী মোশারফ হোসেনের স্ত্রী সুমী আক্তার (১৯) নির্মমভাবে খুন হয়েছে। গত সোমবার স্বামীর নিজ বাড়িতে এ খুনের ঘটনা ঘটেছে। সুমীর পিতার নাম নুরুল ইসলাম, বাড়ি মির্জাপুর উপজেলার গোড়াইল গ্রামে। সুমী খুনের ৫ দিন পার হলেও ঘাতকদের কাউকে গ্রেফতার করা যায়নি। গতকাল শুক্রবার সুমীর ভাই লিয়াকত জানিয়েছেন, প্রায় ১৪ মাস পূর্বে কুমারজানি উত্তরপাড়া হাতেম টাউন এলাকার হিকমত আলীর ছেলে মোশারফ হোসেনের সঙ্গে সুমীর বিয়ে হয়। বিয়ের অল্পদিন পর স্বামী মোশারফ সিংগাপুর চলে যায়। কি কারণে সুমী খুন হয়েছে তা রহস্যজনক বলে জানা গেছে। তবে তাকে পিটিয়ে ও কুপিয়ে নির্মমভাবে খুন করা হয়েছে। ঘটনার পর থেকে স্বামীর বাড়ির লোকজন পলাতক রয়েছে। এ ব্যাপারে সুমীর পিতা নুরুল ইসলাম বাদী হয়ে মির্জাপুর থানায় একটি হত্যা মামলা করেছে বলে পুলিশ সূত্র জানিয়েছে।