কালিয়াকৈরে কৃষকলীগের ২টি কমিটি গঠন
কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা \ গাজীপুরের কালিয়াকৈর উপজেলা কৃষকলীগের দুটি কমিটি শুক্রবার ঘোষণা করা হয়েছে। গাজীপুর জেলা কৃষকলীগের আহবায়ক মোঃ আতিকুর রহমান লিটন ও সদস্য সচিব মোঃ মনির হোসেন উপজেলা কৃষকলীগের আহবায়ক কমিটি ও পৌর কৃষকলীগের পুর্ণাঙ্গ কমিটি গঠন করে তা অনুমোদন দেন। মোঃ আবুল কাশেমকে আহবায়ক, কাজী হারুন-অর-রশিদ ও মোঃ আঃ গফুরকে যুগ্ম আহবায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। অপরদিকে নূরুল ইসলাম সরদারকে সভাপতি, মোঃ হযরত আলীকে সাধারণ সম্পাদক ও দেওয়ান মোঃ আবদুর রাজ্জাককে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্যবিশিষ্ট কালিয়াকৈর পৌর কৃষকলীগের পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
পাঁচবিবিতে ইসরাইলী হামলার প্রতিবাদে বিক্ষোভ
পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা \ গতকাল শুক্রবার বাদ জু’মা জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধর্মপ্রাণ মুসলমান ফিলিস্তিনী গাজা ভূখণ্ডে ইসরাইলের বর্বরোচিত হামলায় নারী, শিশুসহ নিরীহ মানুষ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলার কেন্দ্রীয় বাইতুন নূর জামে মসজিদের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে তিন মাথা মোড়ে এসে শেষ হয়। মিছিলে সকল শ্রেণির লোকজন অংশগ্রহণ করে।
ইসরাইলী বর্বরতার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ
পঞ্চগড় প্রতিনিধি \ ফিলিস্তিনের গাজায় ইসরাইলী বর্বরতার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল হয়েছে। গতকাল শুক্রবার জুমার নামাজের পর ইমান আকিদা রক্ষা কমিটির ব্যানারে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন ইমান আকিদা রক্ষা কমিটির সভাপতি ও পঞ্চগড় নূরুন আলা নূর কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব আব্দুর রহমান, কমিটির উপদেষ্টা ও কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আ.ন.ম আব্দুল করিম ও মাওলানা আব্দুল হান্নান, দুইপাড়া আলিম মাদরাসার অধ্যক্ষ আরমান আলী খাঁন প্রমুখ।
লালপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
লালপুর (নাটোর) সংবাদদাতা \ শুক্রবার লালপুর উপজেলায় বেসরকারি উন্নয়ন সংগঠন সিমকো সোসাইটির উদ্যোগে গোপালপুর পৌরসভার ৮টি মাধ্যমিক বিদ্যালয়ের ২০১৪ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৫৬ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়। সিমকো’র সভাপতি ইমরান মোহাম্মাদ তুষারের সভাপতিত্বে নর্থ বেঙ্গল সুগার মিলস উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন রাজশাহী জেলা পুলিশ সুপার আলমগীর কবীর পরাগ, গোপালপুর ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আকরাম হোসেন, থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, মিল স্কুলের প্রধান শিক্ষক গাউছুল আজম, গোপালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন মন্ডল প্রমুখ।
মেহেন্দিগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত ৪
মেহেন্দিগঞ্জ (বরিশাল) সংবাদদাতা \ মেহেন্দিগঞ্জ-উলানিয়া সড়কের খাজুরতলী নামক স্থানে গতকাল দুপুরে নছিমনের সঙ্গে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৪ জন আহত হয়। গুরুতর আহত ছিদ্দিকুর রহমান (৩০) কে বরিশাল মেডিক্যালে পাঠানো হয়েছে। আহত আঃ জলিল (২৫), রিপন (২৬) ও জহির (২৫) কে মেহেন্দিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ।
নলছিটিতে স্কুল শিক্ষক দম্পতির বাড়িতে ডাকাতি
নলছিটি (ঝালকাঠি) সংবাদদাতা \ নলছিটিতে স্কুল শিক্ষক দম্পতির বাড়িতে ডাকাতি হয়েছে। গত বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার তোফাজ্জল হোসেন মানিক মিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসুদ আলমের বৈশাখিয়া গ্রামের বাড়িতে ওই ডাকাতির ঘটনা ঘটেছে। ওই স্কুল শিক্ষকের স্ত্রী রাজাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা বিউটি আক্তার জানান, ওই দিন রাত ২টার দিকে ১০-১২ জনের একদল ডাকাত সিঁদ কেটে ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৩০ হাজার টাকা, স্বর্ণালংকার, তিনটি মোবাইল সেট ও অন্য মালামালসহ প্রায় দুই লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
মহেশপুরে মাদক ও অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা \ শুক্রবার ভোরে মহেশপুর উপজেলার মগধাসপুর গ্রামে কুখ্যাত মাদক ও অস্ত্র ব্যবসায়ী আব্দুল মান্নানকে থানা পুলিশ গ্রেফতার করেছে। মহেশপুর থানার অফিসার ইনচার্জ লিয়াকত আলী জানান, শুক্রবার ভোরে এসআই রইচ উদ্দীন ফোর্স নিয়ে উপজেলার মগধাসপুর গ্রামে হানা দিয়ে আব্দুল মান্নানকে গ্রেফতার করেছে। সে এলাকায় মাদক সম্রাট নামে পরিচিত।
আড়াইহাজারে ছাত্রলীগের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
গোপালদী বাজার (নারায়ণগঞ্জ ) সংবাদদাতা \ আড়াইহাজারে সাতগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের ঈদপুনর্মিলনী অনুষ্ঠান গতকাল শুক্রবার পুরিন্দা সাদেকুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। পুনর্মিলনী উদযাপন পরিষদের আহবায়ক জি এম স্যামুয়েলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু। প্রধান বক্তা ছিলেন সাতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াদুদ মাহমুদ। বিশেষ বক্তা ছিলেন আওয়ামী যুব আইনজীবী পরিষদের সদস্য সচিব মাহফুজুর রহমান লিখন। উপস্থিত ছিলেন আলমগীর হোসেন চৌধুরী, সহিদুল ইসলাম গেলমান ও তরিকুল ইসলাম রবিন প্রমুখ।
গফরগাঁওয়ে ইসরাইলী হামলার প্রতিবাদে মানববন্ধন
গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা \ ময়মনসিংহের গফরগাঁওয়ে গতকাল শুক্রবার সকালে গফরগাঁওবাসীর ব্যানারে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের বর্বরোচিত হামলা ও নারী-শিশু হত্যার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। গফরগাঁও প্রেসক্লাবের সামনে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন মবিন খান, তানিন, রায়হান, মহিবুর রহমান প্রান্ত, নাঈম আকন্দ, মাজহারুল ইসলাম, জিয়াউর আরাফাত, ইবনুন হাসান সাকিব, রাতুল প্রমুখ। মানববন্ধন শেষে গফরগাঁওবাসীর ব্যানারে পৌরশহরে বিক্ষোভ মিছিল বের করা হয়।
সরিষাবাড়ীতে ছাত্র-শিক্ষকের মিলন মেলা
সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা \ “প্রাণের স্পন্দনে, হূদয়ের বন্ধনে, ছাত্র-শিক্ষকের মিলন মেলা দি একমির প্রাঙ্গণে”- এই শ্লোগানে গতকাল জামালপুরের সরিষাবাড়ীতে দি একমি টিউটোরিয়াল কোচিং হোমে ছাত্র-শিক্ষকের মিলন মেলা অনুষ্ঠিত হয়। এই মেলায় শত শত ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করে। সকাল সাড়ে ৯ টায় একটি বর্ণাঢ়্য র্যালী বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়। ছাত্র-ছাত্রীদের খেলাধুলা ও ফাইনাল ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। বিকালে নিয়ামুন নাসিরের সভাপতিত্বে ছাত্র-শিক্ষকদের স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে শিক্ষকদেরকে ক্রেস্ট প্রদান করা হয়
বেনাপোলে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
বেনাপোল (যশোর) সংবাদদাতা \ বেনাপোলের আমড়াখালী চেকপোষ্ট থেকে গতকাল শুক্রবার দুপুরে ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। ২৬ বিজিবি বেনাপোল কোম্পানী সদরের সুবেদার রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোষ্টে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীকে আটক করে ফেন্সিডিল উদ্ধার করা হয়। সে ফরিদপুরের মেছরদিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে আজাদ হোসেন। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা হয়েছে।
ইসরাইলি হামলার প্রতিবাদে লালপুরে মানববন্ধন
লালপুর (নাটোর) সংবাদদাতা \ গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে শুক্রবার মানববন্ধন ও সমাবেশ করে নাটোরের লালপুর উপজেলা সাম্যবাদী দল। উপজেলা সাম্যবাদী দলের সভাপতি ডাক্তার আবু তালেবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন নাটোর জেলা সাম্যবাদী দলের সেক্রেটারী ও কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাড. বীরেণ সাহা, জাতীয় ছাত্র আন্দোলনের সভাপতি মনজুর হোসন মিঠু, সুবোল সাহা প্রমুখ।
কালিয়াকৈরে যুবলীগের কমিটি গঠন
কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা \ কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়ন যুবলীগের কমিটি গঠন উপলক্ষে শুক্রবার সকালে উপজেলার মৌচাক এলাকায় একসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ হিরু মিয়া। বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সহ-সম্পাদক মোঃ সেলিম আজাদ, মোঃ রেজাউল করিম, নাছির আহম্মেদ, মোশারফ হোসেন প্রমুখ। পরে মোশারফ হোসেনকে সভাপতি জসিম আহম্মেদকে সাধারণ সম্পাদক ও মোজাম্মেল হককে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট মৌচাক ইউনিয়ন যুবলীগের কমিটি গঠন করা হয়।
বড়াইগ্রামে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা \ নাটোরের বড়াইগ্রাম উপজেলার গোপালপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাজাপুর বাজারে ইউনিয়ন বিএনপির সভাপতি মহর আলী দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ একরামুল আলম। বিশেষ অতিথি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী আলম, হজরত আলী ও আজাহার আলী খলিফা, বড়াইগ্রাম পৌর সভাপতি অ্যাড. শরিফুল হক মুক্তা, বনপাড়া পৌর আহ্বায়ক অধ্যাপক লুত্ফর রহমান, যুগ্ম আহ্বায়ক মহুয়া নূর বাবু, যুবদল সভাপতি সরদার রফিক, ছাত্রদল সভাপতি আব্দুস সালাম, বিএনপি নেতা আব্দুল বারী, বাবর আলী বাবু, মোহাম্মদ আলী, শরিফুর রহমান সুজন, আহম্মদ আলী ও মকিদ হোসেন বক্তব্য রাখেন।
ঠাকুরগাঁওয়ে ১০জনকে গুণীজন সম্মাননা প্রদান
ঠাকুরগাঁও প্রতিনিধি \ ঠাকুরগাঁওয়ের সাপ্তাহিক ‘বাংলার আলো’র পত্রিকার আয়োজনে ১০জনকে গুণীজন সম্মাননা দেয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠের সভায়ও কনসার্টের আয়োজন করা হয়। ওই পত্রিকার উপদেষ্টামণ্ডলীর সভাপতি হাবিবুল ইসলাম বাবলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও মহিলা সংরক্ষিত আসনের এমপি সেলিনা জাহান লিটা, জেলা পরিষদের প্রশাসক সাদেক কুরাইশী, সাপ্তাহিক ‘বাংলার আলো’র সম্পাদক শাওন আমিন প্রমুখ। অনুষ্ঠানে ঠাকুরগাঁওয়ের উন্নয়নের মরহুম মির্জা রুহুল আমীন (চোখা মিয়া), মরহুম রেজওয়ানুল হক (ইদু চৌধুরী), মরহুম খাদেমুল ইসলাম, অনিমেষ সাহিত্য সাধক মরহুম আলো ইসলাম, নারী আন্দোলনে মিসেস এহিয়া রউফ, মানব কল্যাণের ড. মুহাম্মদ শহীদ উজ জামান, নাট্য অভিনেতা রেজাউর রাজী স্বপন চৌধুরী, আইন-শৃঙ্খলায় এ কে এম মেহেদী হাসান, সাংবাদিকতায় মনসুর আলী ও উদীয়মান সংগঠন ‘উত্তরের অভিযাত্রিক’ কে সম্মাননা প্রদান করা হয়।
পীরগঞ্জ প্রেসক্লাব সম্পাদক সন্ত্রাসী হামলায় আহত
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা \ পীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এএইচএম কামরুজ্জামান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। তাকে আশংকাজনক অবস্থায় প্রথমে পীরগঞ্জ হাসপাতাল পরে তাকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। গত সোমবার একদল সন্ত্রাসী অতর্কিতে ধারালো অস্ত্র দিয়ে তার উপর হামলা চালায়। এএইচএম কামরুজ্জামাকে হামলার তীব্র প্রতিবাদ ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ মেহের এলাহী, সহসভাপতি হাফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মোকাদ্দেস হায়াত মিলন, অর্থ সম্পাদক বুলবুল আহম্মেদ, উপজেলা প্রেসক্লাব সভাপতি গীতি গমন রায়, সহসভাপতি মনসুর কামাল নান্নু।
ইসরাইলি গণহত্যা বন্ধের দাবিতে ঈশ্বরগঞ্জে বিক্ষোভ
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা \ গতকাল শুক্রবার দুপুরে সাওতুলহেরা ফাউন্ডেশন ঈশ্বরগঞ্জ আয়োজিত শহরে এক বিক্ষোভ মিছিল শেষে মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা আজিজুর রহমান আঙ্গুরি, আহসান মাহমুদ অলিউল্লাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, ছাত্রলীগ সভাপতি মাহবুবুর রহমান, বিএনপির সাবেক সম্পাদক হারুনর রশিদ প্রমুখ।
চাটখিলে সাংস্কৃতিক জোট নেতার মতবিনিময়
চাটখিল ও সোনাইমুড়ি (নোয়াখালী) প্রতিনিধি \ নোয়াখালী জেলার চাটখিল প্রেসক্লাব মিলনায়তনে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ডাকসুর সাবেক ভারপ্রাপ্ত ভিপি, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সিনিয়র সহ-সভাপতি গোলাম কুদ্দুছ স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক শোয়েব হোসেন ভুলু, সাংবাদিক রফিক উল্যাহ খোকন, ছৈয়দ মুশফিকুর রহমান, আনোয়ারুল হায়দার, নাছির উদ্দিন, প্রভাষক মহিউদ্দিন, পৌর কাউন্সিলর জসিম উদ্দিন বাবলু, উপজেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক পৌর কাউন্সিলর আবুল কালাম আজাদ প্রমুখ।
বিএসএফ’র বোমায় মেহেরপুরের ব্যবসায়ী আহত
মেহেরপুর প্রতিনিধি \ মেহেরপুর সদর উপজেলার নবীন নগর সীমান্তে বিএসএফ’র বোমা হামলায় হান্নান নামের এক গরু ব্যবসায়ী আহত হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এ বোমা হামলার ঘটনা ঘটে। আহত হান্নান জানান, সীমান্তের ১১৬ নং পিলারের কাছে গেলে বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে একটি বোমা নিক্ষেপ করে। বোমার স্পিলিন্টারের আঘাতে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
