নারী প্রিমিয়ার লিগ ক্রিকেট

নতুন চ্যাম্পিয়ন খেলাঘর

আপডেট : ৩০ মে ২০১৯, ২২:০৭

ঢাকা প্রিমিয়ার ডিভিশন নারী ক্রিকেট লিগে নতুন চ্যাম্পিয়ন হয়েছে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। এক ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত করলো খেলাঘর। নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে প্রথমবার শিরোপার স্বাদ পেল রাজধানীর তেজকুনি পাড়ার ক্লাবটি। টানা তিন মৌসুমে ভিন্ন ভিন্ন চ্যাম্পিয়ন পেল নারী প্রিমিয়ার লিগ।

গতকাল সুপার লিগের ম্যাচে শেখ রাসেল স্পোর্টস ডেভলপমেন্ট একাডেমির বিরুদ্ধে রুপালী ব্যাংক ক্রীড়া পরিষদের ৬ রানের জয়ে খেলাঘরের শিরোপা নিশ্চিত হয়। ১২ ম্যাচে তাদের পয়েন্ট ২১। লিগের অন্য ক্লাবগুলোর চেয়ে খেলাঘর এখন চার পয়েন্ট এগিয়ে। আগামীকাল শনিবার লিগের শেষ রাউন্ড অনুষ্ঠিত হবে। ওই ম্যাচে খেলাঘর হারলেও ট্রফি তাদের হাতেই থাকছে। শনিবার লিগের শেষ দিনেই চ্যাম্পিয়নদের হাতে তুলে দেওয়া হবে ট্রফি।

তবে লিগের রানার্স-আপ দল এখনো চূড়ান্ত হয়নি। ১২ ম্যাচে সমান ১৭ পয়েন্ট নিয়ে রানার্স-আপ হওয়ার লড়াইয়ে আছে রুপালী ব্যাংক ও শেখ রাসেল। গতকাল লিগের অপর ম্যাচে আবাহনী ১২ রানে হারিয়েছে মোহামেডানকে।