ভারতের সঙ্গে সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে আগ্রহী ওবামা

আপডেট : ০১ আগস্ট ২০১৪, ২২:৫৩
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে গতকাল শুক্রবার নয়াদিল্লীতে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। বৈঠকে কেরি জানিয়েছেন, ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে আগ্রহী রয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। এজন্য আগামী সেপ্টেম্বরে নরেন্দ্র মোদীর সঙ্গে শীর্ষ বৈঠকে ‘উচ্চাকাঙ্ক্ষী নতুন এজেন্ডা’ চান তিনি। এ সময় মোদী বলেন, দুই দেশের সম্পর্ককে লক্ষ্য, কৌশল আর কর্মপরিকল্পনার ভিত্তিতে নতুন পর্যায়ে নেয়া যেতে পারে। শীর্ষ বৈঠকে সুনির্দিষ্ট ফলাফল আনতে তাই উভয় দেশের প্রস্তুত থাকা উচিত। বৈঠককালে কেরির সঙ্গে মার্কিন বাণিজ্যমন্ত্রী পেনি প্রিজকারও উপস্থিত ছিলেন বলে পিটিআই’র বরাত দিয়ে দ্য হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়েছে। বারাক ওবামার সঙ্গে শীর্ষ বৈঠকে যোগ দিতে আগামী সেপ্টেম্বরের শেষদিকে মোদীর ওয়াশিংটন সফরের কথা রয়েছে। বৈঠককালে দুই মার্কিন মন্ত্রী বৃহস্পতিবার অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-ভারত পঞ্চম কৌশলগত সংলাপের বিষয়টি মোদীকে অবহিত করেন। তারা বলেন, ভারতের সঙ্গে সম্পর্ককে বারাক ওবামা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকেন। আগামী সেপ্টেম্বরে তিনি একটি ফলপ্রসূ ও সফল শীর্ষ বৈঠক দেখতে চান। এ সময় মোদী বলেন, দুই দেশের চিন্তা-ভাবনা ও স্বার্থের ক্ষেত্রে বিশাল মিল রয়েছে। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা, শান্তি ও স্থিতিশীলতার জন্য বিশ্বের দুই বৃহত্ গণতান্ত্রিক দেশের অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ হতে পারে। একইসঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, বিদ্যুত্, উদ্ভাবন, শিক্ষা, দক্ষতার উন্নয়ন, তরুণদের ক্ষমতায়নসহ নানা ক্ষেত্রে দুই দেশের অংশীদারিত্বের সুযোগের কথাও তুলে ধরেন মোদী। এর আগে বৃহস্পতিবার কেরি ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজসহ দেশটির জ্যেষ্ঠ নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন। দুই দেশের মধ্যেকার কৌশলগত সংলাপে যোগদানের জন্য বুধবার ভারতে আসেন তিনি।