২০২১ সালের চ্যাম্পিয়নস ট্রফি ও ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করার কথা ভারতের। কিন্তু আইসিসি ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) জানিয়ে দিয়েছে, ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের সময় কর বাবদ কেটে রাখা টাকা ফেরত না দিলে ভারত এই দুটো টুর্নামেন্ট আয়োজনের স্বত্ব হারাতে পারে।
২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে আইসিসির মোট আয়ের থেকে ২৩ মিলিয়ন মার্কিন ডলার বা ভারতীয় ১৬০ কোটি রুপি কর কেটে রেখেছিল দেশটির আয়কর বিভাগ। আইসিসি দাবি করেছে, বিসিসিআই আগে কথা দিয়েছিল, এই আয়োজনটি করমুক্ত রাখা হবে। কিন্তু ভারতের কেন্দ্রীয় সরকার সেই অনুযায়ী কাজ করেনি। ফলে আইসিসি অনেকদিন ধরেই ভারতীয় বোর্ডের কাছে এই অর্থ ফেরত চাচ্ছে। এবার তারা জানিয়ে দিয়েছে ৩১ ডিসেম্বরের মধ্যে এই অর্থ না দিলে ভারতীয় বোর্ডের পরের অর্থবছরের পাওনা থেকে এই অর্থ কেটে রাখা হবে। আর তাও যদি ভারতীয় বোর্ড রাজি না হয়, তাহলে কেড়ে নেওয়া হবে চ্যাম্পিয়নস ট্রফি ও বিশ্বকাপ আয়োজনের স্বত্ব।
আইসিসি দাবি করেছে, তখনকার ভারতীয় বোর্ড সভাপতি এন শ্রীনিবাসন আইসিসি সভাতেই বলেছিলেন, ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপকে ভারত করমুক্ত না করলে বিসিসিআই এই করের অর্থ শোধ করে দেবে। কিন্তু বিসিসিআই বলছে, আইসিসি এরকম কোনো মিটিংয়ের রেকর্ড দেখাতে পারছেন না।
বিসিসিআইয়ের একজন নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, ‘এখন তারা সেই কথিত মিটিংয়ের মিনিটস আমাদের দেখাচ্ছে, তা পারছে না। কারণ, এ রকম কোনো মিনিটস তাদের হাতে নেই। তারা স্রেফ ভারতের কাছ থেকে টাকাটা উদ্ধার করতে চাচ্ছে।’
