‘ন্যাশনাল হেরাল্ড’ কাণ্ডে এবার তদন্তের আওতায় সোনিয়া গান্ধীর পরিবার

আপডেট : ০১ আগস্ট ২০১৪, ২২:৫৫
ভারতের বহুল আলোচিত ‘ন্যাশনাল হেরাল্ড’ কাণ্ডে এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) তদন্তের আওতায় আনা হয়েছে গান্ধী পরিবারকে। ওই মামলায় প্রাথমিকভাবে তদন্ত শুরু করেছে ইডি। বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামীর দায়ের করা মামলার ভিত্তিতে ইতিমধ্যেই সোনিয়া ও রাহুল গান্ধীকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে দিল্লির এক আদালত। সেই নির্দেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন জানিয়েছেন সোনিয়া ও রাহুল। গান্ধী পরিবারের সব সদস্যকে একে একে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে। খবর জি নিউজের। ভারতের স্বাধীনতার আগে ন্যাশনাল হেরাল্ড পত্রিকাটি প্রতিষ্ঠা করেন জওহরলাল নেহরু। নব্বইয়ের দশকে রুগ্ন ন্যাশনাল হেরাল্ডকে নব্বই কোটি রুপি ঋণ দেয় কংগ্রেস। ঋণ শোধ দিতে ব্যর্থ সংবাদপত্রকে ২০০৮ সালে অধিগ্রহণ করে ইয়ং ইন্ডিয়া নামে একটি সংস্থা। ঘটনাচক্রে ইয়ং ইন্ডিয়ার সিংহভাগ শেয়ারই গান্ধী পরিবারের হাতে। বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামীর দাবি, কোনও রাজনৈতিক দল বাণিজ্যিক উদ্দেশ্যে ঋণ দিতে পারে না। ন্যাশনাল হেরাল্ডের অধিগ্রহণেও অনিয়ম হয়েছে। কংগ্রেসের পাল্টা দাবি, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই এই অভিযোগ করেছে বিজেপি।