আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রার্থীকে সমর্থন দিন

আপডেট : ০১ আগস্ট ২০১৪, ২২:৫৫
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহিরয়ার আলম বেনিনের কটনুতে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআরসি) এবং বেনিনের পররাষ্ট্র মন্ত্রীদের সঙ্গে মঙ্গলবার পৃথকভাবে বৈঠক করেন। গত ২৮ থেকে ৩০ জুলাই অনুষ্ঠিত ‘নিউ পার্টনারশীপ ফর দ্য ডেভেলপম্যান্ট অব প্রডাক্টিভ ক্যাপসিটিস ইন এলডিসিস’ শীর্ষক সভায় উন্নয়নশীল দেশসমূহের মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগদানের পাশাপাশি এসব বৈঠক অনুষ্ঠিত হয় বলে গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ডিআরসি’র পররাষ্ট্র মন্ত্রী আর টি টুঙ্গামুলুঙ্গু’র সঙ্গে বৈঠককালে শাহিরয়ার আলম দেশটির সরকারকে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস্ কাউন্সিল, ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশান কাউন্সিল এবং ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের সদস্যপদের জন্য বাংলাদেশের প্রার্থীদের সমর্থনের অনুরোধ জানান। জবাবে ডিআরসির পররাষ্ট্র মন্ত্রী সমর্থনের আশ্বাস দেন। দিনের অপর এক বৈঠকে শাহিরয়ার আলম বেনিনের পররাষ্ট্র মন্ত্রী নাসিরো বেকো আরিফারির সাথে বাংলাদেশ ও বেনিনের মধ্যে বাণিজ্য বৃদ্ধি, কৃষি ও পানি ব্যবস্থাপনা বিষয়ে সহযোগিতার বিষয়সমূহ আলোচনা করেন। এ সময় আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন নির্বাচনে বাংলাদেশের প্রার্থীদের জন্য বেনিন সরকারের সমর্থন কামনা করেন প্রতিমন্ত্রী।