সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপডেট : ০১ আগস্ট ২০১৪, ২২:৫৬
শিল্পাঞ্চল আশুলিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এদিকে সাভারের হেমায়েতপুরে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত ৫ জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার আশুলিয়ার নন্দন পার্ক ও নতুন ইপিজেডের সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীসূত্রে জানা গেছে, দূরপাল্লার একটি যাত্রীবাহী বাস আশুলিয়ার নন্দন পার্কের সামনে এক মোটর সাইকেল আরোহীকে ধাক্কা দিলে রাস্তার পার্শ্বে ছিটকে পড়েন তিনি। আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিত্সক অঙ্কন নামের ওই যুবককে মৃত ঘোষণা করেন। এদিকে নতুন ইপিজেডের সামনে অজ্ঞাতপরিচয়ের এক নারী পথচারী বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।