আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বিএনপি নেত্রীর উদ্দেশ্যে বলেছেন, জাতীয় শোক দিবসের দিন কেক কেটে, উল্লাস করে মিথ্যা জন্মদিন পালন করবেন না। শোকের মাস আগস্ট শুরু উপলক্ষে বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিটে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সম্মিলিত আওয়ামী সমর্থক জোট আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, আগস্ট বাঙালি জাতির শোকের মাস। ১৫ আগস্ট শোকের দিন। সে দিন শোক দিবস পালন করুন বা না করুন, ভুয়া জন্মদিন পালন করবেন না, কেক কেটে আনন্দ করবেন না।
মোহাম্মদ নাসিম বলেন, একাত্তর-পঁচাত্তরের খুনিদের দোসররা আরেকটি ১৫ আগস্ট ঘটাতে চায়। তারা শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল কিন্তু পারেনি। তাই তারা আবারও ষড়যন্ত্রে মেতে উঠেছে। তিনি বলেন, সারা বিশ্ব ৫ জানুয়ারির নির্বাচন মেনে নিয়েছে। খালেদা জিয়া ওই নির্বাচনে অংশ না নিয়ে ভুল করেছেন। এখন ষড়যন্ত্র করে ক্ষমতায় যেতে চাইছেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া সমাবেশে বলেন, যারা আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তাদের আন্দোলনের ধরন যেমন হবে, প্রতিরোধ তেমন হবে।
সম্মিলিত আওয়ামী সমর্থক জোটের চেয়ারম্যান আব্দুল হক সবুজের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতা ডা. দিলীপ রায়, বঙ্গবন্ধু যুব পরিষদের সভাপতি মাসুদ খান বাবু প্রমুখ। সমাবেশ শেষে রাতে ১৫ আগস্টের শহীদদের স্মরণে জাতীয় পতাকা উত্তোলন, কালোব্যাজ ধারণ ও মোমবাতি প্রজ্বলন করা হয়।
সিরাজগঞ্জ প্রতিনিধি ও বেলকুচি সংবাদদাতা জানান, মোহাম্মদ নাসিম বলেছেন, বঙ্গবন্ধু কন্যা, জননেত্রী শেখ হাসিনার সরকারের সুশাসনের ফলে দেশবাসী শান্তি ও স্বস্তিতে বাস করছেন। সরকারের সুব্যবস্থাপনার কারণেই পবিত্র ঈদুল ফিতরে দেশের মানুষ সহজে গ্রামে যেতে পেরেছেন। ঈদে রাজধানীসহ সারাদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতিও সন্তোষজনক ছিল। তারা আন্দোলন করে সরকারকে ক্ষমতাচ্যুত করার হুমকি দিচ্ছে। তাদের আন্দোলনের হুমকিতে সরকার চিন্তিত নয়। আন্দোলনের নামে যুদ্ধাপরাধী জামায়াতকে সঙ্গে নিয়ে বিএনপি জ্বালাও, পোড়াও, নরহত্যাসহ যে নৈরাজ্য সৃষ্টি করেছিল তা দেশবাসী ভুলে যাননি। যারা জনবিচ্ছিন্ন তাদের ডাকে কেউ সাড়া দেবেন না। যত আন্দোলনের হুমকিই তারা দিক না কেন, জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকার তার দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী উন্নয়ন কাজ অব্যাহত রাখবে। দেশবাসীই আওয়ামী লীগ ও শেখ হাসিনার কাজের যথাযথ মূল্যায়ন করবে। পবিত্র সংবিধানের নির্দেশনা অনুযায়ী ২০১৯ সনের নির্বাচনে জনগণই নির্ধারণ করবেন কারা দেশ পরিচালনা করবে। এর কোন বিকল্প নেই। বর্তমান সরকারের আমলে দেশবাসী শান্তি ও স্বস্তিতে থাকার কারণেই বিএনপি-জামায়াতের আন্দোলনের পালে বাতাস লাগবে না।
গতকাল শুক্রবার মোহাম্মদ নাসিম সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলোচনা কালে এসব কথা বলেন। এ সময় সিরাজগঞ্জের জেলা প্রশাসক বিল্লাল হোসেন, পুলিশ সুপার এসএম এমরান হোসেন, অ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান, আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, সিভিল সার্জন ডা. শামসুদ্দিন আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উম্মে আজিজ নাসিমা খোন্দকারসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মন্ত্রী হাসপাতাল পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন।
তিনি বলেন, আগামী ৭ আগস্ট দেশে ছয় সহস াধিক চিকিত্সক নিয়োগ দেয়া হচ্ছে। তারা কমপক্ষে ২ বছর ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে অবস্থান করে গ্রামের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করবেন। যত ষড়যন্ত্রই করা হোক না কেন, শেখ হাসিনার সরকার তার প্রতিটি নির্বাচনী প্রতিশ্রুতি পালনে বদ্ধপরিকর। তিনি সরকারের উন্নয়ন কাজে সর্বতোভাবে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
