আইটি খাতে যারা ক্যারিয়ার গড়তে চান, লিনাক্স জানাটা তাদের জন্য একরকম আবশ্যক। বেশিরভাগ আইটি চাকরির জন্যই লিনাক্সে দক্ষ প্রফেশনালদের অগ্রাধিকার দেওয়া হয়ে থাকে। আর তাই এই খাতে ক্যারিয়ার গড়তে ইচ্ছুকদের লিনাক্স শেখার বিকল্প নেই বললেই চলে। কিন্তু লিনাক্স শেখার বিষয়টি সবার জন্য সহজ নয়। সাধারণভাবে বলা হয়ে থাকে যে লিনাক্স শেখার সবচেয়ে ভালো উপায় হলো লিনাক্সের কোনো ডিস্ট্রিবিউশন পিসিতে ইন্সটল করে নেওয়া এবং তাতে কাজ করতে করতেই শিখে নেওয়া। তবে দীর্ঘ এই প্রক্রিয়াতে আগ্রহী নয় অনেকেই। তারা দক্ষ এবং অভিজ্ঞ প্রশিক্ষকদের অধীনে ক্লাস করেই শিখে নিতে চান লিনাক্স। তাদের জন্য সুখবর—লিনাক্স ফাউন্ডেশন নিজেই অনলাইনে বািনমূল্যে লিনাক্স শেখার সুযোগ করে দিয়েছে। অনলাইন এডুকেশনে বিশ্বব্যাপী সুপরিচিত নাম এডএক্স-এর সাথে যৌথভাবে এই সুযোগ করে দিয়েছে লিনাক্স ফাউন্ডেশন। চলতি আগস্টের শুরু থেকেই এডএক্স-এ শুরু হয়েছে ‘ইন্ট্রোডাকশন টু লিনাক্স’ কোর্সটি। সম্পূর্ণ বিনামূল্যের এই কোর্সে অংশগ্রহণ করতে পারবে যে কেউ। এই ম্যাসিভলি ওপেন অনলাইন কোর্সটিতে (এমওসিসি) লিনাক্স শেখানোর দায়িত্বে রয়েছেন জেরি কুপারস্টেইন। পেশায় নিউক্লিয়ার অ্যাস্ট্রোফিজিসিস্ট হলেও কুপারস্টেইন ১৯৯৪ সাল থেকে লিনাক্স ব্যবহার করে আসছেন এবং সেই সময় থেকেই তিনি লিনাক্স শিখিয়েও আসছেন। তার দীর্ঘ অভিজ্ঞতার ঝুলি থেকেই অনলাইনে বিনামূল্যের এই কোর্সটি পরিচালনা করবেন তিনি। পিসির হার্ডওয়্যার এবং সফটওয়্যার সম্পর্কে মৌলিক জ্ঞান থাকলেই এই কোর্সে অংশ নেওয়া যাবে। কোর্সটি যে কেউ পরীক্ষামূলকভাবে দেখতে পারবে বা সাধারণ সার্টিফিকেটের জন্যও অংশ নিতে পারবে। আবার ক্লাস এবং পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২৫০ ডলারের বিনিময়ে এডএক্স থেকে সার্টিফিকেট অব অ্যাচিভমেন্টও সংগ্রহ করতে পারবে। এই সার্টিফিকেট প্রফেশনাল সবখানেই ব্যবহার করা যাবে। লিনাক্সের মৌলিক বিষয় থেকে শুরু করে উচ্চতর অনেক বিষয়ই শেখানো হবে এই কোর্সে। আগ্রহীরা http://goo.gl/2mYe11 লিংক থেকে বিস্তারিত জেনে নিতে পারবেন এই কোর্স সম্পর্কে।
