আইটিউনস রেডিওর নেতৃত্ব দেবেন বিটস সিইও

আপডেট : ০২ আগস্ট ২০১৪, ২০:৪১
বিটস অডিওকে কিনে নেওয়ার পর থেকেই অ্যাপলের আইটিউনস সেবায় বড় ধরনের পরিবর্তনের ভবিষ্যদ্বাণী করছেন বিশ্লেষকরা। সর্বশেষ ওয়ালস্ট্রিট জার্নালের খবরে প্রকাশ, বিটস মিউজিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়ান রজার্স দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন আইটিউনস রেডিওর। এই খবর জানিয়ে ওয়ালস্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, এখন থেকে বিটস মিউজিকের সাথে সাথে আইটিউনস রেডিও দেখাশোনা করার ফলে অ্যাপলের মিউজিক স্ট্রিমিংয়ের সাথে বিটসের অভিজ্ঞতার সংমিশ্রণ ঘটাতে সক্ষম হবেন রজার্স যা অ্যাপলের মিউজিক স্ট্রিমিং সেবাকে আরও উন্নত করবে। তবে রজার্সের অধীনে আইটিউনস রেডিও ফ্রি মিউজিক স্ট্রিমিং করবে না কি পেইড সেবা হিসেবে কাজ করবে, তা জানানো হয়নি। তবে বিটস অডিওকে কিনে নেওয়ার পর অ্যাপলের মিউজিক বিভাগ দ্রুত এগিয়ে যাবে বলেই আশাবাদ অ্যাপলের। উল্লেখ্য, তিনশ কোটি ডলারে বিটস অডিওকে কিনে নিয়েছে টেক জায়ান্ট অ্যাপল।