নতুন ব্রাজিল কোচ দুঙ্গা পরিষ্কার করে জানান দিয়েছেন যে যোগ্যতাই হবে তার কাছে একমাত্র বিবেচ্য বিষয়। এ ক্ষেত্রে বিশ্বকাপে ভাল করতে না পারা খেলোয়াড়দের ‘কালো তালিকাভুক্ত’ করা হবে না।
দুঙ্গা চিলিতে অনুষ্ঠেয় আগামী বছরের কোপা আমেরিকার জন্য প্রস্তুতি ম্যাচ খেলতে শুরু করার প্রাক্কালে এ মত দেন। তার অধীনে ব্রাজিল এ দফায় প্রথম দুটি খেলায় কলম্বিয়া ও ইকুয়েডোরের বিরুদ্ধে খেলবে। কলম্বিয়ার সাথে খেলাটি হবে ৫ সেপ্টেম্বর। এর তিনদিন পর খেলবে ইকুয়েডোরের সাথে। যুক্তরাষ্ট্রের মিয়ামি ও নিউ জার্সিতে হবে খেলাদুটি। দুঙ্গা খেলা দুটির জন্য ১৯ আগস্ট দল ঘোষণা করবেন।
ব্রাজিলকে ১৯৯৪ বিশ্বকাপে শিরোপা জয়ে নেতৃত্ব দেয়া এই মিডফিল্ডার ২০১০ সালের চূড়ান্ত পর্বে কোচের দায়িত্বে ছিলেন। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত সেবারের বিশ্বকাপে ভাল করতে না পারার কারণে পরে বরখাস্ত হন তিনি।
বিশেষ করে এবার নিজেদের মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপটিতে জার্মানির কাছে সেমিফাইনালে ১-৭ গোলের বিধ্বংসী হার এবং তৃতীয় স্থান নির্ধারণী খেলায় নেদারল্যান্ডসের কাছেও পরাস্ত হলে কোচ লুই ফিলিপে স্কোলারিকে বরখাস্ত করে ৫০ বছর বয়সী দুঙ্গাকে দায়িত্ব দেয়া হয়।
পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল ২০১৪ বিশ্বকাপে যেভাবে প্রতিযোগিতা থেকে ছিটকে যায় তাতে অনেক খেলোয়াড়ই এখন একটা শোকাহত পরিস্থিতিতে আছেন। তবে দুঙ্গা আভাস দিয়েছেন তিনি এখনই কোন বড় পরিবর্তন আনতে যাচ্ছেন না।
দুঙ্গা বলেন, ‘বিশ্বকাপের পর কোন কালো তালিকা নেই। ফুটবলও জীবনের মতোই, কাজ করার মতোই যেখানে যোগ্যতাটাই আসলে বিবেচ্য বিষয়।’ গেল মাসে শেষ হওয়া বিশ্বকাপের দল প্রসঙ্গে তিনি বলেন, ‘খেলোয়াড়দের বেছে নেয়া হয়েছিল সে সময়ে তারা যা অর্জন করেছিল তার ভিত্তিতে। আমরা তাদের সম্পর্কে কি ভাবতে পারতাম তার নিরিখে নয়।’
স্কোলারির বেছে নেয়া বেশ কয়েকজন খেলোয়াড় সম্পর্কে ব্রাজিলের গণমাধ্যমে ব্যাপক সমালোচনা হয়েছিল। বিশেষ করে নৈপুণ্য দেখাতে না পারা দুই স্ট্রাইকার ফ্রেড ও জোকে নিয়ে।
নতুন কোচ অবশ্য বলেছেন, ‘আমাদের সামনে পরিস্থিতি বদলের এবং বিশ্বকাপের সময় যা ঘটেছিল সেটা যে স্রেফ একটা বাজে সময় ছিল, তা প্রমাণের সুযোগ আছে। ব্রাজিলের আছে ভাল ভাল সব খেলোয়াড়। তারা মানুষের প্রত্যাশা অনুযায়ী ফল বের করে আনতে পারেনি বলে সমালোচিত হয়েছিল।’
এএফপি
