ম্যানইউতে ফেরার ইঙ্গিত রোনালদোর

আপডেট : ০২ আগস্ট ২০১৪, ২১:৫৯
ক্রিশ্চিয়ানো রোনালদো এখনো ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডকে ‘ভালবাসেন’। এমনকি কোন একদিন ওল্ড ট্র্যাফোর্ডে ফেরারও ইঙ্গিত দিয়েছেন তিনি। তার এমন বক্তব্য প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে ম্যানইউ’র। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ঘরোয়া মৌসুমের প্রত্যেকটি শিরোপা এবং চ্যাম্পিয়ন্স লিগ জিতে ২০০৯ সালে স্পেনের রিয়াল মাদ্রিদে পাড়ি জমান রোনালদো। এই পর্তুগিজ ফুটবলার এখনো যে ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটিকে অনুভব করেন তা বুঝা গেল ক্লাবটির টিভিকে দেয়া সাক্ষাত্কারেই। যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেডিয়ামে গিনেস ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে গতকাল শনিবার ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হওয়ার আগে কথা বলেন পর্তুগীজ উইঙ্গারটি। তিনি বলেন, ‘এটা ছিল আমার প্রিয় ক্লাবগুলোর একটি, ম্যানচেস্টার ইউনাইটেড। প্রত্যেকেই জানেন যে, যখনই আমি রিয়াল মাদ্রিদের কথা বলি তখন আমি ম্যানচেস্টার ইউনাইটেডের কথাও বলি। ক্লাবটিকে আমি ভালবাসতাম। আমি যখন ক্লাবটিতে যোগ দিলাম, তখন আমার বয়স ছিল ১৮। আমি এখানে থেকে সবকিছু জিতেছিলাম। ভক্তরা আমাকে ঈশ্বরের মতো মনে করে। তাই আমি ক্লাবটির প্রশংসা করি এবং ভবিষ্যতে কী হবে তা কেউ জানে না।’ ম্যানইউ’র বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি হওয়ার স্মৃতিচারণ করে রোনালদো বলেন, ‘এটা আবেগাপ্লুত হওয়ার মতো ব্যাপার। আমার মনে পড়ে, যখন চ্যাম্পিয়ন্স লিগে আমরা ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে খেলেছিলাম। তারা আমাকে ঘায়েল করেছিল। আমার অন্তর অনেক তৃপ্ত হয়েছিল। ক্লাবটিতে আমার চমত্কার অনেক মুহূর্ত ছিল। আমি ক্লাবটির প্রশংসা করি। আমার কাছে এটা সেরা ক্লাবগুলোর একটি। ক্লাবটির কিছু খেলোয়াড় আছে, যাদের সঙ্গে আমার এখনো যোগাযোগ আছে। কারণ, যখন আমি ওখানে ছিলাম সে সময় সবার সঙ্গেই আমি ভাল সম্পর্ক গড়ে তুলেছিলাম। এই সম্পর্ক কেবল খেলোয়াড়দের সঙ্গেই ছিল না, কর্মকর্তাদের সঙ্গেও ছিল। ক্লাবটিকে আমি দ্বিতীয় পরিবার ভাবতাম। ওখানকার মানুষ আমাকে যেভাবে মূল্যায়ন করেছে তা আমি কখনো ভুলবো না।’ পুরনো ক্লাবে ফেরার ব্যাপারে রোনালদো বলেন, ‘আমি ম্যানচেস্টার ভালবাসি। ফিরে আসার কথা বলছেন, এ ব্যাপারে আমি কিছুই জানি না। অবশ্যই, আমি রিয়াল মাদ্রিদে সুখে আছি। এটা আমার বাড়ি, এটা আমার ক্লাব। কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড আমাকে অনেক মূল্যায়ন করে। এরপরও ভবিষ্যতে কী হয়, তা আমরা কেউ জানি না।’ গত মৌসুমে ভরাডুবির পর নবনিযুক্ত কোচ লুইস ফন গালের তত্ত্বাবধানে ম্যানইউ ভাল করবে বলে বিশ্বাস রোনালদোর, ‘নিশ্চিত করে বলা যায় এটা তাদের জন্য ভাল মৌসুম হবে। আমার মতে, তিনি অসাধারণ কোচ। নেদারল্যান্ডসের হয়ে তিনি এর সব প্রমাণ দিয়েছেন। তার তত্ত্বাবধানে নেদারল্যান্ডস অসাধারণ নৈপুণ্য দেখিয়েছে, ভাল ফুটবল খেলেছে। আমি মনে করি মানুষ ম্যানইউ’র কাছ থেকে যেমন শক্তিশালী, সুন্দর ফুটবল এবং অনেক গোল প্রত্যাশা করে এবার তারা সেভাবেই ঘুরে দাঁড়াবে।’ ম্যানইউয়ে থাকার সময় তখনকার কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের সঙ্গে বেশ সখ্যতা ছিল রোনালদোর। গত মৌসুমে রিয়ালের চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর ফার্গুসন তাকে অভিনন্দনও জানিয়েছিলেন। এ ব্যাপারে তিনি বলেন, ‘চ্যাম্পিয়ন্স লিগ জয়ের সময় স্যার অ্যালেক্স আমার সঙ্গেই ছিলেন। আমাকে দেখার জন্য তিনি এখানে এসেছিলেন। তাঁর সঙ্গে আমার কথাও হয়েছিল। ম্যানচেস্টার ইউনাইটেড তার অভাব অনুভব করে। কেননা তিনি ক্লাবটিতে ২০টি বছর কাটিয়েছেন এবং ক্লাবটির হয়ে তিনি সবকিছুই জিতেছেন। কিন্তু আমি মনে করি, ফন গালও দারুণভাবেই তার দায়িত্ব পালন করবেন। তিনি অভিজ্ঞ একজন কোচ। ম্যানচেস্টারের জন্য তিনি ভাল কিছুই করবেন।’-গার্ডিয়ান