এবার কর্মস্থলে ফেরা

আপডেট : ০২ আগস্ট ২০১৪, ২২:২৪
সপ্তাহব্যাপী স্বজনদের সাথে ঈদের আনন্দ শেষে আবারও কর্মব্যস্ত ঢাকায় ফেরা শুরু করেছে নগরবাসী। ঈদের ছুটি ও সাপ্তাহিক বন্ধ এই দুই মিলিয়ে লম্বা ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরছে মানুষ। সদরঘাট লঞ্চ টার্মিনাল, কমলাপুর রেলস্টেশন, গাবতলীসহ বিভিন্ন বাস টার্মিনালে গতকাল ছিল ঢাকায় ফেরা মানুষের উপচেপড়া ভিড়। তবে চলতি সপ্তাহজুড়েই রাজধানীতে ফিরবে মানুষ। গত বৃহস্পতি ও শুক্রবার ভিড় কিছুটা কম থাকলেও গতকাল শনিবার ভোর থেকে ঢাকায় ফেরা মানুষের প্রচণ্ড ভিড় দেখা যায় নৌপথে রাজধানীতে প্রবেশের অন্যতম স্থান সদরঘাট লঞ্চ টার্মিনাল। অবশ্য ভিড়ের ঝামেলা এড়ানোর জন্য অনেকেই ছুটি শেষ হবার দুই-এক দিন আগেও ঢাকায় ফিরেছেন। কমলাপুর রেল স্টেশনের চিত্রও একই। তবে ঢাকায় ফিরে পর্যাপ্ত গাড়ি না পেয়ে ভোগান্তিতে পড়েন অনেকেই। গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ বাস টার্মিনালেও উপচেপড়া ভিড় ছিল। এবারে বাস যাত্রীদের ভোগান্তি কম হওয়ায় সাধারণ মানুষের মধ্যে ছিল স্বস্তি। অন্যান্য বছর ঈদে বাড়ি ফিরতে এবং ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হত। কিন্তু এবারের চিত্র ছিল উল্টো। এবার ঈদে বাড়ি থেকে ঢাকায় ফিরতেও তেমন বিড়ম্বনা পোহাতে হয়নি। স্কুল-কলেজ ছুটি থাকায় অনেকে পরিবার পরিজনকে আগেই বাড়ি পাঠিয়েছিলেন। তাছাড়া সড়কের যানজটের সম্ভাব্য পয়েন্টগুলোতে প্রশাসনের কড়া নজরদারি থাকায় যানজট কম ছিল। আজ রবিবার অফিস-আদালত খোলা আর তাই ছুটির শেষদিন শনিবার ভোরেই ভিড় সবচেয়ে বেশি। ঈদের ছুটি শেষে নৌ-পথে ঢাকায় ফেরা মানুষের নিরাপত্তা দিতে নজরদারি বাড়িয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। নৌ-পথে যাত্রীদের যাত্রা নিরাপদ করতে প্রথমবারের মতো চারটি পয়েন্ট থেকে হেলিকপ্টারে টহলের ব্যবস্থা করেছে বিআইডব্লিউটিএ। যাত্রীদের নিরাপত্তা দেয়া, লঞ্চের অতিরিক্ত যাত্রী পরিবহন ঠেকানো এবং লঞ্চের দুর্ঘটনা রোধে বিআইডব্লিউটিএ এ ব্যবস্থা গ্রহণ করে। বিআইডব্লিউটিএর চেয়ারম্যান ড. শামছুদ্দোহা খন্দকার ইত্তেফাককে বলেন, নৌপথে যাত্রীদের নিরাপত্তা দিতেই এই ব্যবস্থা। এখন পর্যন্ত যাত্রীরা নির্বিঘ্নেই ঢাকায় ফিরছে। রবিবারও মানুষ নিরাপদেই ঢাকায় ফিরতে পারবে বলে আশা করেন তিনি।