মঠবাড়িয়ায় স্ত্রী নির্যাতনের ঘটনায় থানায় মামলা

আপডেট : ০২ আগস্ট ২০১৪, ২২:৩৩
৫ লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রী নির্যাতনের ঘটনায় খাদিজা আক্তার বাদী হয়ে গত বৃহস্পতিবার রাতে মঠবাড়িয়া থানায় নারী ও শিশু নির্যাতন আইনে স্বামীসহ ৬ জনকে আসামি করে একটি মামলা করেছে। মামলা সূত্রে জানা যায়, উপজেলার বাদুরা গ্রামের হাবিবুর রহমানের মেয়ে খাদিজা বেগমের সাথে একই এলাকার আ. আলীর পুত্র মো. জাকির হোসেনের ১৩ বছর পূর্বে বিয়ে হয়। বিয়ের সময় মেয়ের বাবা জামাইকে যৌতুক হিসেবে ১ লাখ টাকা দেয়। কিছুদিন পর জাকির শ্বশুর বাড়ি থেকে আরও ৫ লাখ টাকা আনার জন্য স্ত্রীর উপর চাপ প্রয়োগ করে। টাকা আনার ব্যাপারে অপারগতা প্রকাশ করলে জাকির তাকে শারীরিক ও মানসিক নির্যাতন চালাতে থাকে। এক পর্যায় গত মঙ্গলবার জাকির তার স্ত্রী খাদিজাকে মারধর করে মারাত্মক আহত করে। চৌকিদার ও খাদিজার বাবার বাড়ির লোকজন তাকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। মামলার তদন্তকারী কর্মকর্তা মঠবাড়িয়া থানার এস আই মো. শহিদুল ইসলাম জানান, ঘটনার পর জাকির হোসেন পালিয়ে যায়। তবে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।