আদিতমারীতে মারধর করে পুলিশের মোবাইল ছিনতাই

আপডেট : ০২ আগস্ট ২০১৪, ২২:৩৫
জেলা পুলিশের বিশেষ শাখার কনস্টেবেল ইকলাছকে মারধর করে তার ব্যবহূত মোবাইল সেট কেড়ে নিয়েছে একদল মাদকসেবী। শুক্রবার রাতে উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের মাদক ব্যবসায়ী ফজলুল হকের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে রাতেই ৩ জনকে আটক করে আদিতমারী থানা পুলিশ। জানা গেছে, ডিএসবির ওয়াচার কনস্টবেল ইকলাছ হোসেন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন ফজলুল হকের বাড়িতে গাঁজা ও মদের আসর বসেছে। এসময় তিনি ওই বাড়িতে গেলে মাদকসেবীরা তাকে বেধড়ক মারধর করে মোবাইল ফোন কেড়ে নেয়। এমনকি পুলিশ পরিচয় দেয়ার পর তাকে আরও বেশি মারধর করা হয়েছে বলে তিনি জানান। খবর পেয়ে আদিতমারী থানার পুলিশ আহত অবস্থায় তাকে উদ্ধার করে। এ ঘটনায় আটককৃতরা হলো- সদর উপজেলার কালমাটি আনন্দবাজার এলাকার রফিকুল ইসলাম দুলুর ছেলে শাহীনূর ইসলাম শাহীন, একই এলাকার নিজাম উদ্দিনের ছেলে সহিদুল ইসলাম সেলিম ও সারপুকুর ইউনিয়নের জহির হোসেনের ছেলে আমজাদ।