ঈদের আনন্দ উপভোগ করতে কক্সবাজারের টেকনাফের দক্ষিণে অবস্থিত একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে পর্যটকে ভরপুর। টেকনাফ-সেন্টমার্টিন নৌ-রুটে চালু করা হয়েছে দুটি পর্যটক জাহাজ। গত শুক্রবার সকালে পর্যটকবাহী দুটি জাহাজ এলসিটি কুতুবদিয়া ও কেয়ারী ক্রুজ এন্ড ডাইন পাঁচ শতাধিক যাত্রী নিয়ে সেন্টমার্টিন রওনা দেন। পর্যটকবাহী কেয়ারী জাহাজের ইনচার্জ মোঃ শাহ আলম জানান, ভ্রমণকারীরা জাহাজ চলাচল শুরুর আগে জাহাজে বুকিং দিয়ে রাখছিল। ঈদের ছুটিতে ভ্রমণে বের হওয়া অনেকের সেন্টমার্টিন ঈদের আনন্দ উপভোগ করতে আসেন। তাছাড়া ঈদের পরে সেন্টমার্টিন যাত্রার পূর্ব প্রস্তুতি ছিল। এসময় আবহাওয়াও অনুকূল থাকায় জাহাজ চলাচল শুরু করা গেছে।
সেন্টমার্টিন হোটেল ব্রু-মেরিন ম্যানেজার মো.সোলতান জানান, ঈদ যেতে না যেতে সেন্টমার্টিনে পর্যটক দেখা মিলছে। তাছাড়া লোকজন আমাদের হোটেলের রুম বুকিং দিচ্ছে। অন্যান্য বছর থেকে এই বছর ব্যবসা ভাল হবে আশা করছেন। এদিকে কোস্টগার্ড টেকনাফ স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা লে. আশিক জানান, এইসব জাহাজে কোন অতিরিক্ত যাত্রী নেওয়া হচ্ছে কিনা সে বিষয়ে নজর রাখা হয়েছে। কোন জাহাজ যদি অতিরিক্ত যাত্রী বহন করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো জানান, অনুমতি নিয়েই সেন্টমার্টিনগামী জাহাজ দুটি চলাচল করেছে।
