কুমিল্লার চৌদ্দগ্রামে শ্বশুর বাড়িতে মশিউর রহমান মিঠু (২৮) নামে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে পুলিশ লাশটি উদ্ধার শেষে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
মিঠু শুক্রবার বিকালে চাপিরতলা গ্রামে শ্বশুর আবদুল হকের বাড়িতে ঈদ উপলক্ষে বেড়াতে যায়। রাতে রহস্যজনকভাবে সেখানে তার মৃত্যু হয়। তার মুখে বিষের গন্ধ রয়েছে। ঘটনার পর থেকে মিঠুর স্ত্রী তাসলিমা আক্তার পানুসহ শ্বশুর পক্ষের লোকজন পলাতক রয়েছে।
স্থানীয়রা জানান, বেশ কয়েকদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়ার কারণে এ ঘটনা ঘটতে পারে।
নিহতের ভাই মিজানুর রহমান জানান, ‘মিঠুকে মারধরের পর মৃত্যু নিশ্চিত শেষে শ্বশুর পক্ষের লোকজন মুখে বিষ ঢেলে দেয়। এরপর তারা হাসপাতালে লাশ রেখে পালিয়ে যায়’। চৌদ্দগ্রাম থানার এসআই শহিদ জানান, ‘লাশ উদ্ধার শেষে ময়না তদন্তের জন্য কুমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
