সংবাদ সংক্ষেপ

আপডেট : ০২ আগস্ট ২০১৪, ২২:৩৯
ইসরায়েলি হামলার প্রতিবাদে ধামইরহাটে মানববন্ধন নওগাঁ প্রতিনিধি \ গাজায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বর্বর হামলার প্রতিবাদে নওগাঁর ধামইরহাটে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আগ্রাদ্বিগুণ বাজার বণিক সমিতির উদ্যোগে আগ্রাদ্বিগুণ হাইস্কুল ছাত্র সমিতি ও আগ্রাদ্বিগুণ ছাত্র কল্যাণ সমিতি-রাজশাহীর সহযোগিতায় গতকাল শনিবার সাকেল আগ্রাদ্বিগুণ বাজারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। কর্মসূচির আহবায়ক আবু সুফিয়ান খান বাবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান সালেহ উদ্দিন আহমেদ, বণিক সমিতির সভাপতি আশরাফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি আকতার হোসেন প্রমুখ। তোবা শ্রমিকদের প্রতি সংহতি প্রকাশ করে নওগাঁয় সমাবেশ নওগাঁ প্রতিনিধি \ ঢাকা’র তুবা গার্মেন্টস-এর অনশনরত শ্রমিকদের প্রতি সংহতি প্রকাশ করে নওগাঁয় এক সমাবেশ করেছে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট। শুক্রবার বিকাল সাড়ে ৫টায় শহরের ব্রীজের মোড়ে স্বাধীনতা চত্বরে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন কালিপদ সরকার। অবিলম্বে তোবা গার্মেন্টস-এর অনশনরত শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেয়ার আহবান জানিয়ে বক্তব্য রাখেন বাসদের জেলা সমন্বয়ক জয়নাল আবেদীন মুকুল, রতন সাহা রঘু, জয়ন্ত বর্মন, শমসের আলী মোল্লা প্রমুখ। মধুখালীতে বিএনপির প্রস্তুতি সভা মধুখালী (ফরিদপুর ) সংবাদদাতা \ গতকাল শনিবার বেলা ১টায় মধুখালী উপজেলা বিএনপির আয়োজনে রেলগেটস্থ বিএনপির কার্যালয়ে আগামীতে বেগম খালেদা জিয়ার ঘোষিত কর্মসূচি সরকার পতনের অন্দোলন ও মধ্যবর্তী নির্বাচন আন্দোলন জোড়দার করতে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা বিএনপির সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা শাহ্ মো. আবু জাফর। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম আবুল, উপজেলা চেয়ারম্যান মো. আজিজুর রহমান মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজি গোলাম মুনসুর নান্নু, সদর ইউপি চেয়ারম্যান সাহাবুদ্দিন সতেজ, সাংগঠনিক সম্পাদক হায়দার আলী মোল্লা প্রমুখ। সভায় আগামী ৭ দিনের মধ্যে মধুখালী উপজেলার সকল ওয়ার্ড পর্যায়ে বর্ধিত সভা করে আন্দোলন প্রস্তুতি কমিটি গঠন করে নেতাকর্মীদের চাঙ্গা করে তোলার সিদ্ধান্ত হয়। লালপুরে গানের এ্যালবামের মোড়ক উম্মোচন লালপুর (নাটোর) সংবাদদাতা \ শনিবার রাতে নাটোরের লালপুর উপজেলার লালন সংগীত শিল্পী আরব আলী সাধু’র একক গানের এ্যালবাম ‘চাতক বাঁচে কেমনে’ এর মোড়ক উম্মোচন করা হয়েছে। এ উপলক্ষে নর্থ বেঙ্গল সুগার মিলস হাই স্কুল মাঠে স্কুলের প্রধান শিক্ষক গাউছুল আজম এ্যালবামের মোড়ক উম্মোচন করেন। এ সময় এ্যালবামটির সংগীত পরিচালক শিল্পী মুনছুর রহমান সুইটসহ গোপালপুর পৌর শিল্পকলা একাডেমীর শিল্পীবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। লালনের ৭টি গানের সমন্বয়ে এ্যালবামটি প্রকাশ করেছেন ওয়ালস মিউজিক। গাংনীর এক বাড়িতে ডাকাতি গাংনী (মেহেরপুর) সংবাদদাতা \ মেহেরপুরের গাংনী উপজেলার শানঘাট গ্রামে ডাকাতির ঘটনা ঘটেছে। নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল সেটসহ ৩ লক্ষাধিক টাকার মালামাল লুট করেছে সংঘবদ্ধ ডাকাতদল। শুক্রবার দিনগত রাতে ডাকাতির ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গাংনী উপজেলার শানঘাট গ্রামের নজরুল ইসলামের বাড়িতে ১৪-১৫ জনের ডাকাতদল প্রবেশ করে পরিবারের সকল সদস্যকে জিম্মি করে ঘরে রাখা নগদ ৩১ হাজার টাকা, ৪ জোড়া স্বর্ণের দুল, ২টি চেইন ও ২টি মোবাইল সেটসহ আনুমানিক ৩ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। চৌদ্দগ্রামে সাহিত্য গবেষণা সংসদের ঈদ পুনর্মিলনী চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা \ কুমিল্লার চৌদ্দগ্রামে ‘সাহিত্য গবেষণা সংসদ’র ঈদ পুনর্মিলনী ও সাধারণ সভা গত শুক্রবার রাতে চৌদ্দগ্রাম বাজারস্থ আইডিয়েল হোমিও ক্লিনিকে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি সাইয়েদ রাশীদুল হাসান জাহাঙ্গীরের সভাপতিত্বে ও সেক্রেটারী সাংবাদিক মো. এমদাদ উল্যাহর পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি বেলাল হোসেন, সাহিত্য সম্পাদক কাজী মাহবুবুর রহমান, সহ-সাহিত্য সম্পাদক শাকিল, সদস্য আবুল কাশেম, মাস্টার নুরুল আলম, রেজাউল করিম লিংকন, ইস্রাফিল মোল্লা, জাকির হোসাইন, ফয়সাল, সাঈদ হোসাইন প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষামূলক কর্মসূচি নিয়ে আলোচনা ও পরিকল্পনা গ্রহণ করা হয়। কাপাসিয়ায় বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী বেলু গ্রেফতার কাপাসিয়া (গাজীপুর) সংবাদদাতা \ গাজীপুরের কাপাসিয়ায় শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী নাজমুল হাসান বেলু (৪৮) কে কাপাসিয়া থানা পুলিশ ১টি অবৈধ বিদেশি পিস্তল, ১১ রাইন্ড গুলি ও ২টি ম্যাগজিনসহ গ্রেফতার করেছে । কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ আহসান উল্লাহ জানান, গতকাল শনিবার ভোরে নাইট পেট্রোল শেষ করে থানায় ফেরার পথে কাপাসিয়া বাসস্ট্যান্ড এলাকার নারায়ণপুর রোডের ব্রিজের নীচ থেকে টহল পুলিশ শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী নাজমুল হাসান বেলুকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ১টি অবৈধ বিদেশি পিস্তল, ১১ রাইন্ড গুলি ও ২টি ম্যাগজিন উদ্ধার করা হয়। সে কাপাসিয়া সদর ইউনিয়নের বানারহাওলা গ্রামের গিয়াস উদ্দিনের পুত্র। পার্শ্ববর্তী শ্রীপুর থানায়ও তার বাড়ি রয়েছে। তার বিরুদ্ধে কাপাসিয়া ও শ্রীপুর থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে। বাঞ্ছারামপুরে এক্স-স্টুডেন্টদের ঈদ পুনর্মিলনী বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ বাঞ্ছারামপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের এক্স-স্টুডেন্টদের ঈদ পুনর্মিলনী গতকাল প্রতিষ্ঠান চত্বরে অনুষ্ঠিত হয় । দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন দপ্তরে কর্মরত ও ব্যবসায়ী প্রায় ৫ শতাধিক সাবেক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার মোঃ আমান উল্লাহ। বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সাবেক ছাত্র ও বর্তমান উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ সেলিম, পৌর ছাত্রলীগের সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ জুয়েল, ইঞ্জিনিয়ার মোঃ মাইনউদ্দিন, ঢাকাস্থ বাঞ্ছারামপুর ছাত্র-ছাত্রী মৈত্রী সমিতির সাধারণ সম্পাদক মোঃ আশ্রাফুল, সাব্বির আহমেদ অপু, মোঃ বিল্লাহ হোসেন, মোঃ সোহেল, মোঃ সালাউদ্দিন, আতাউর রহমান প্রমুখ। বক্তারা প্রতিষ্ঠানের প্রয়োজনে যে কোন কাজে সহযোগীতা করার অঙ্গীকার ব্যক্ত করে স্টুডেন্ট এসোসিয়েশন করার পক্ষে মতামত প্রকাশ করেন। আত্রাইয়ে আহসানগঞ্জ হাইস্কুলের ১৯৮৩’র বন্ধু ফোরামের মিলন মেলা আত্রাই (নওগাঁ) সংবাদদাতা \ নওগাঁর আত্রাইয়ে ঐতিহ্যবাহী আহসানউল্লাহ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ১৯৮৩ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের বন্ধু ফোরামের এক পুনর্মিলনী অনুষ্ঠান হয়। অনুষ্ঠান যেন এক মিলন মেলায় পরিণত হয়েছিল। সেই সময়ের সকল শিক্ষার্থীদের মিলন মেলায় সৃষ্টি হয়েছিল উত্সাহের জোয়ার। সরকারি- বেসরকারিসহ বিভিন্ন স্তরে কর্মরত সকল বন্ধুদের মাঝে বয়ে যাচ্ছিল আনন্দের বন্যা। গতকাল শনিবার এ উপলক্ষে সকাল থেকেই সাজসাজ রবে মেতে উঠেছিল বিদ্যালয় চত্বর। বেলা বাড়ার সাথে সাথে বন্ধুদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছিল বিদ্যালয় এলাকা। দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্য দিয়ে উদযাপিত হয় বন্ধু ফোরাম-৮৩ এর পুনর্মিলনী অনুষ্ঠান। দু’ভাগে বিভক্ত অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল স্মৃতিচারণ ও আলোচনা সভা। দ্বিতীয় পর্বে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বন্ধু ফোরাম সভাপতি চক্ষু ডা. মনসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম। আদমদীঘিতে মাদক বিক্রেতাসহ গ্রেফতার ৫ আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা \ বগুড়ার আদমদীঘিতে মাদকবিক্রি ও সেবনের দায়ে থানা পুলিশ ৫ জনকে গ্রেফতার করেছেন। এর মধ্যে ২ মাদকবিক্রেতার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের ও ৩ মাদকসেবীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা দেয়া হয়েছে। পুলিশ জানায়, রানীনগর উপজেলার পারইল গ্রামের ময়েন উদ্দীনের ছেলে আসাদুল ইসলাম (২১) ও ছায়েত আলীর ছেলে মুক্তার হোসেন (১৯) নামের দুই ব্যক্তি ৭ বোতল চোলাই মদ বিক্রির উদ্দেশ্যে বহনের সময় পুলিশ তাদের গ্রেফতার করেন। অপরদিকে আদমদীঘির কোচকুড়ী গ্রামের ছামছুল হকের ছেলে আসাদুল হক (৩২ কে ১ মাস, সান্তাহার লকুকলোনী সামাদের ছেলে ডালিম মুন্সী (৩৮)কে ৩ মাস এবং ফুলবাড়ীর বুড়ীবান্দর এলাকার নুর ইসলামের ছেলে বাবলু (২৫) কে ১ মাস বিনাশ্রম জেল দেয়। গতকাল শনিবার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুহুল আমিন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ রায় দেন। পূর্বধলায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা \ নেত্রকোনার পূর্বধলায় গতকাল শনিবার স্থানীয় স্বেচ্ছাসেবী শিক্ষাবান্ধব সংগঠন কংস মৈত্রীর উদ্যোগে উপজেলার ধলামূলগাঁও উচ্চ বিদ্যালয়ের ২০১৪ সালে এসএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সবংর্ধনা প্রদান করা হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণে সংবর্ধনা অনুষ্ঠানে কংস মৈত্রীর সভাপতি এড. আল-আমিন হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. আ. মালেক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এখলাছ উদ্দিন, সংগঠনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান রুমন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল-মেহেদী, জহিরুল ইসলাম সোহাগ প্রমুখ। কোটালীপাড়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা \ গোপালগঞ্জের কোটালীপাড়া পাবলিক মডেল ইনস্টিটিউশনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত শনিবার বিদ্যালয় মাঠে ম্যানেজিং কমিটি এ সংবর্ধনা প্রদান করে। গোপালগঞ্জ-৩ আসনের প্রধানমন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৩০ কৃতী শিক্ষার্থীর হাতে ক্রেস্ট তুলে দেন।এ সময় উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, পৌর মেয়র এইচ এম অহিদুল ইসলাম,আওয়ামী লীগ নেতা কমল চন্দ্র সেন,ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, কোটালীপাড়া পাবলিক মডেল ইনস্টিটিউশনের ম্যানেজিং কমিটির সভাপতি এস এম হুমাউন কবীর,সদস্য মোস্তফা কামাল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ আয়নাল হোসেন, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক নারায়ণ চন্দ্র দাস উপস্থিত ছিলেন। তাড়াইলে খেলাফত মজলিসের ঈদ পুনর্মিলনী তাড়াইল (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ গতকাল শনিবার কিশোরগঞ্জের তাড়াইলে উপজেলা খেলাফত মজলিসের উদ্যোগে সাচাইল মহাজন বাড়ি জামে মসজিদে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা ক্বারী শামছুল ইসলাম রাহমানীর সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা খেলাফত মজলিসের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা ২০ দলীয় জোট নেতা হাফেজ মাওলানা এমদাদুল্লাহ্। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের জেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক হাফেজ মাওলানা আবু বকর ছিদ্দিক। জয়পুরহাটে সুনন্দার একক সঙ্গীতানুষ্ঠান জয়পুরহাট প্রতিনিধি \ জয়পুরহাটের ‘আনন্দ ধারা’য় নজরুলের ‘শাওন আসিল ফিরে’ ‘সে ফিরে এলো না’ দিয়ে শুরু করলেন একক সঙ্গীতানুষ্ঠান ছায়ানটের শিক্ষক মহুয়া মঞ্জরী সুনন্দা। জাতীয় রব্রীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ জয়পুরহাট শাখা ‘আজ শ্রাবণের আমন্ত্রণে’ শীর্ষক একক কণ্ঠের সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করে। রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ জয়পুরহাট শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ও ইত্তেফাকের সাবেক প্রতিনিধি সদ্য প্রয়াত অধ্যাপক আবুল হোসেনের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করে তার পছন্দের গান ‘শাওন আসিল ফিরে’ ‘সে ফিরে এলো না’ দিয়ে শুরু করা অনুষ্ঠানে প্রায় আড়াই ঘণ্টায় ২৭টি গান পরিবেশন করে শিল্পী। ছায়ানটের তরুণ শিক্ষক জয়পুরহাটের সাংস্কৃতিক পরিবারের সন্তান মহুয়া মঞ্জরী সুনন্দার একক কণ্ঠের গান দর্শক শ্রোতাদের বিমোহিত করে রাখে। রবীন্দ্র নজরুলের গান ছাড়াও লতা, সন্ধ্যা ও প্রতিমার গানগুলো শ্রোতাদের নিয়ে যায় পুরানো দিনে। লতার আজ তবে এই টুকু থাক বাকি কথা পরে হবে’র মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। গৌরীপুরে ইজমা ইলেকট্রনিক্সের লাকী কুপন ড্র গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা \ বিশ্বকাপ ফুটবল ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে ইজমা ইলেকট্রনিক্স থেকে টিভি-ফ্রিজ ক্রয়কারী গ্রাহকদের মাঝে লাকী কুপন ড্র গত শুক্রবার রাত ৯টায় ইজমা ইলেকট্রনিক্স কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ড্র পরিচালনা ও বিজয়ীদের নিকট পুরস্কার তুলে দেন গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম মিন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম খায়রুল বাশার, বিশিষ্ট ব্যবসায়ী অজিত মোদক। উপস্থিত ছিলেন ইজমা ইলেকট্রনিক্সের নির্বাহী পরিচালক সৌরভ মাসুদ সোহেল, পরিচালক সমীরণ দেবনাথ, এম, ইয়াহিয়া ও আমিরুল মোমেনীন। উপস্থিত গ্রাহকদের সামনে ড্র অনুষ্ঠিত হয়। ড্র শেষে ১ম পুরস্কার বিজয়ী রমজান হোসেন জুয়েলসহ অন্যান্য বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম মিন্টু। মুরাদনগরে ইয়াবাসহ ব্যবসায়ী আটক মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা \ কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজার থেকে গত শুক্রবার রাতে ইয়াবা বিক্রি করা অবস্থায় শাহিন মিয়া (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মুরাদনগর থানা পুলিশ । আটককৃত মাদক ব্যবসায়ী উপজেলার উত্তর ত্রিশ গ্রামের গোলাম হোসেনের ছেলে। পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানা পুলিশ জানতে পারে ইয়াবা বিক্রেতা শাহিন মিয়াকে কোম্পানীগঞ্জ হাজী মার্কেটে নিজ দোকানে বিক্রির উদ্দেশ্যে মাদক মজুদ করা হয়েছে। সে সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানা এস আই জালালের নেতৃত্বে একদল পুলিশ গত শুক্রবার রাতে ৯ টায় শাহিনের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে পুলিশ তল্লাশি করে ৫২ পিস ইয়াবা উদ্ধার করে এবং শাহিনকে আটক করে। এ ব্যাপারে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন জানান, আটককৃত শাহিনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। শনিবার দুপুরে কুমিল্লা জেল হাজতে চালান করা হবে। গাজায় গণহত্যার প্রতিবাদে গাইবান্ধায় জাসদের মানববন্ধন গাইবান্ধা প্রতিনিধি \ ইসরাইল কর্তৃক গাজায় শিশু ও নারীসহ নিরীহ জনগণকে নির্বিচারে হত্যার প্রতিবাদ এবং অবিলম্বে হত্যাকাণ্ড বন্ধের দাবিতে গতকাল শনিবার গাইবান্ধা শহরের ডিবি রোডে জাসদ মানববন্ধন কর্মসূচি পালন করে। ঘণ্টাব্যাপী এই মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, জাসদ কেন্দ্রীয় কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এসএম খাদেমুল ইসলাম খুদি, জেলা জাসদের ভারপ্রাপ্ত সভাপতি সেলেকুজ্জামান চৌধুরী রুবেল, সাধারণ সম্পাদক গোলাম মারুফ মনা, সহ-সভাপতি অধ্যাপক আনছার আলী, জেলা জাসদ নেতা নুরুজ্জামান প্রধান, অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, জিয়াউল হক জনি, জাসদ নেতা অধ্যক্ষ মোজাহিদ খান, অ্যাড. জিএসএম আলমগীর, সুজন প্রসাদ প্রমুখ। বক্তারা অবিলম্বে এই হত্যাযজ্ঞ বন্ধ করার জন্য বিশ্ব বিবেকের কাছে আহ্বান জানান। কাউখালীতে মেধাবী ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা \ পিরোজপুরের কাউখালীতে মেধাবী ও কৃতী ছাত্র-ছাত্রীদের জন্য সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার স্থানীয় মোসলেম আলী খান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ফাউন্ডেশন মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের ৫০জন কৃতী শিক্ষার্থীদের সংবর্ধিত করা হয়। অনুষ্ঠানে কাউখালী উপজেলা চেয়ারম্যান এস.এম আহসান কবীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ফাউন্ডেশনের চেয়ারম্যান কে.এম আব্দুল করিমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু, নারী ভাইস চেয়ারম্যান ফাতেমা ইয়াসমিন পপি, থানার অফিসার ইনচার্জ মো. সুলতান মাহমুদ, মোসলেম আলী খান ওয়েলফেয়ার ফাউন্ডেশন উপদেষ্টা সাদিয়া করিম, সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টন, সমাজ সেবক আবদুল লতিফ খসরু,উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু, নিরব মল্লিক প্রমুখ। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের পরে ৫০জন মেধাবী ও কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধিত করা হয়। এ সময় তাদের পবিত্র কোরান শরীফ, ফুল ও অভিধান উপহার সামগ্রী তুলে দেয়া হয়। এনায়েতপুরে ওলামা পরিষদের বিক্ষোভ-সমাবেশ চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ ফিলিস্তিনের গাজায় দফায়-দফায় ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদ এবং জাতি সংঘের যথাযথ পদক্ষেপের দাবিতে সিরাজগঞ্জের এনায়েতপুরে ওলামা পরিষদের উদ্যোগে বিক্ষোভ-সমাবেশ অংশগ্রহণ করেন মুসল্লিরা। তারা আরো বলেন, মুসলিম শান্তির ধর্ম। জাতি-ধর্ম, বর্ণ নির্বিশেষে মুসলমানদের এই বাংলায় কোন ভেদাভেদ নাই। সবাই একে অপরের বিপদে ছুটে যাই। যার-যার অবস্থান থেকে সহযোগিতা করি। অথচ ইসরাইল গাজায় অহেতুক হামলা চালিয়ে যে অপরাধ করছে তা বিশ্বব্যাপী নিন্দনীয়। এনায়েতপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই সমাবেশে সংগঠনের সভাপতি আলহাজ্ব মাওঃ আব্দুল কাদের সিদিক্কীর সভাপতিত্বে জেলা বিএনপির উপদেষ্টা সাইদুল ইসলাম, পরিষদের সাধারণ সম্পাদক মাওঃ আব্দুল গফুর, মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী আফতাব উদ্দিন তালুকদার, মুফতি রফিকুল ইসলামসহ প্রমুখ বক্তরা তাদের বক্তব্যে এসব কথা বলেন। এসময় থানার বিভিন্ন এলাকা থেকে আসা কয়েকশ’ মুসল্লি অংশ নেন। মেহেরপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের আলোচনা সভা মেহেরপুর প্রতিনিধি \ “মায়ের দুধ আর ঘরের তৈরি খাবার, লক্ষ্য হবে সফল জীবন পাবার”। এবারের এই প্রতিপাদ্যে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন উপলক্ষে মেহেরপুরে শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে মেহেরপুর সিভিল সার্জন অফিসের ব্যবস্থাপনায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপনে মেহেরপুর জেনারেল হাসপাতাল চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেহেরপুর সিভিল সার্জন অফিসের চত্বরে শেষ হয়। দ্বিতীয় পর্বে এ উপলক্ষে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাক্তার মিজানুর রহমান। মাতৃদুগ্ধ ব্যবহারের উপর বক্তব্য রাখেন জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. অলোক কুমার দাস, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার কাজী রওশন নাহার, ইপিআই সুপারিন্টেনডেন্ট আব্দুস সালাম ও মেডিক্যাল টেকনোলজিস্ট খ. আবু সামাইন প্রমুখ। ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামী ছাত্রসেনার মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি \ ফিলিস্তিনের গাজায় ইসরাইলি ইহুদীদের বর্বর হামলার প্রতিবাদে গতকাল শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা। দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে জেলা শাখার সভাপতি ছাত্রনেতা সৈয়দ আবুল বাশারের সভাপতিত্বে বক্তব্য রাখেন এডভোকেট সৈয়দ আওলাদ হোসেন, মোঃ জসিম উদ্দিন, মাওলানা নাজমুল হোসাইন, মোঃ আল আমিন মোল্লা, হাফেজ শাহাদাত হোসাইন, মোঃ হেলাল উদ্দিন প্রমুখ। বক্তারা বলেন, মুসলিম বিশ্ব যখন সিয়াম সাধনায় লিপ্ত তখন ইহুদি সন্ত্রাসীরা ফিলিস্তিনের অসহায় মুসলমানদের উপর বর্বর হামলা ও নির্যাতনে লিপ্ত হয়ে নিরীহ নারী, পুরুষ এমন কি তাদের হাত থেকে কোলের শিশুরা রক্ষা পাচ্ছে না। বর্বরোচিত হামলা বন্ধের জন্য মানববন্ধন থেকে জাতিসংঘ বিশ্ব মানবাধিকার সংস্থাকে জোরালো ভূমিকা রাখার আহবান জানান। পরে বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মোনাজাত করা হয়। মুজিবনগরের ভবেরপাড়ায় ডাকাতি মেহেরপুর প্রতিনিধি \ মেহেরপুরের মুজিবনগর উপজেলার ভবরপাড়া গ্রামের ২টি বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতদল অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। যাবার পথে ডাকাতদলের নিক্ষেপ করা বোমার আঘাতে শামীম নামে এক যুবক আহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের ভবরপাড়া গ্রামের তিপন বিশ্বাস ও প্রতিবেশী সিদ্দিক হোসেনের বাড়িতে ১৫/২০ জনের একদল ডাকাত প্রবেশ করে। ডাকাতদল অস্ত্রের মুখে বাড়ির লোকজনদের জিম্মি করে ১২ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে। যাবার পথে গ্রামবাসীর প্রতিরোধের মুখে ডাকাতদল ২টি বোমা নিক্ষেপ করে। এতে সিদ্দিক হোসেনের ভাই শামীম হোসেন (২৭) আহত হন। তাকে উদ্ধার করে মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান মোল্লা বলেন, ডাকাতদের গ্রেফতারে ওই রাত থেকে পুলিশ কাজ করে যাচ্ছে। উখিয়ায় লক্ষাধিক টাকার চিংড়ি উদ্ধার উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা \ আমদানি নিষিদ্ধ মিয়ানমার থেকে চোরাই পথে আসা লক্ষাধিক টাকা মূল্যের ৭৪ কেজি বাগদা চিংড়ি উদ্ধার করেছে মরিচ্যা বিজিবির সদস্যরা। বিজিবির সুবেদার ফজলুল হক জানান, গতকাল শনিবার সকালে কক্সবাজারগামী যাত্রীবাহী গাড়িতে তল্লাশী চালিয়ে উদ্ধারকৃত চিংড়ি বালুখালী কাস্টমস্ কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে। নড়াগাতিতে অস্ত্র ও গুলিসহ ডাকাত আটক নড়াইল প্রতিনিধি \ নড়াইলের পল্লীতে ডাকাতির প্রস্তুতিকালে সাটারগান, ৫ রাউন্ড গুলিসহ এক ডাকাতকে আটক করেছে নড়াগাতি থানা পুলিশ। আটক ডাকাত লায়েক মুসল্লি খুলনা জেলার তেরখাদা থানার আদমপুর গ্রামের ফুলমিয়ার ছেলে। এ সময় আরো ৪ ডাকাত পালিয়ে যায় । গতকাল শনিবার ভোর রাতে নড়াগাতি থানার ঘনশ্যামপুর ব্রিজের উপর ৫ জনের একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। পুলিশ ডাকাতদের উপস্থিতি টের পেয়ে প্রথমে গুলিবর্ষণ ও পরে তাদেরকে ধাওয়া করে। এসময় নড়াগাতি থানার পুলিশ লায়েক মুসল্লি (৩৫) নামের এক ডাকাতকে আটক করতে সক্ষম হলেও আরো ৪ ডাকাত পালিয়ে যায়। আটক ডাকাতের কাছ থেকে একটি সাটারগান ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। নড়াগাতি থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েন ঘটনার সত্যতা স্বীকার করেছেন। বাবুগঞ্জে মাদক ব্যবসায়ীর হামলায় আহত ১ বাবুগঞ্জ (বরিশাল) সংবাদদাতা\ বরিশালের বাবুগঞ্জে মাদক বিক্রিতে বাধা দেয়ায় নূরুল ইসলাম খান নামের এক ওয়ার্কার্স পার্টির নেতাকে পিটিয়ে জখম করেছে মাদক বিক্রেতারা। গুরুতর অবস্থায় তাকে উপজেলার বাহেরচর স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করা হয়েছে। গতকাল সকাল ১১টায় উপজেলার কাশিগঞ্জ বাজারে এ হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বাবুগঞ্জ উপজেলার কেদারপুর গ্রামের আজাহার আলীর পূত্র বেল¬াল হাওলাদার ও স্থানীয় আরিফ মৃধা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি করে আসছে। বিভিন্ন সময়ে এর প্রতিবাদ করে আসছেন ওয়ার্কার্স পার্টির নেতা নূরুল ইসলাম খান। মাদক বিক্রি নিয়ে গত বুধবার রাতে নূরুল ইসলামের সাথে বেল¬ালের বাকবিতণ্ডার ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে শুক্রবার সকালে স্থানীয় কাশিগঞ্জ বাজারে নূরুল ইসলামকে একা পেয়ে মাদক বিক্রেতা বেল¬াল ও তার সহযোগীরা তার ওপর হামলা চালায়। ওসমানীনগরে শ্রমিক সংগঠনের প্রতিবাদ সভা ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা\ জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের ওসমানীনগর উপজেলার তাজপুর শাখার আহবায়ক ছুলু খানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয়েছে। গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শ্রমিক সংগঠনের উদ্যোগে উপজেলার কদমতলা এলাকায় প্রতিবাদ সমাবেশে সভাপত্বি করেন শ্রমিক নেতা আব্দুল বারি। শাখার যুগ্ম আহবায়ক সোলেমান তালুকদার সিলুর পরিচালনায় বক্তব্য রাখেন সিলেট জেলা শাখার সহ-সভাপতি সুন্দর আলী খান, সংগঠনের প্রবীণ সদস্য জহুর আলী, সাবেক সভাপতি সোনাফর আলী, সাবেক সাধারণ সম্পাদক নেপুর মিয়া, সদস্য মন্তাজ আলী, খন্দকার আশিক আলী, বদরুল ইসলাম, হারুনুর রশিদ, রুয়েল মিয়া, খছরু মিয়া, মো:বদরুল মিয়া প্রমুখ। সড়ক সংস্কার দাবিতে টেকনাফে নিসচা’র মানববন্ধন কক্সবাজার প্রতিনিধি \ কক্সবাজার-টেকনাফ সড়ক সংস্কারের দাবিতে টেকনাফে মানববন্ধন ও পথসভা করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা)। ‘পথ যেন হয় শান্তির; মৃত্যুর নয়’ এই শ্লোগান নিয়ে শুক্রবার বিকাল ৫টায় এই কর্মসূচি পালিত হয়। নিসচা’র উপজেলা সভাপতি আবদুল্লাহ আল-খালেদের সভাপতিত্বে ও সদস্য আবদুল গফুরের সঞ্চালনায় হ্নীলা স্টেশনের চৌরাস্তা মোড়ে অনুষ্ঠিত উক্ত পথসভায় নিসচা’র সাধারণ সম্পাদক ফায়সাল উদ্দিন খোকা, যুগ্ম-সম্পাদক আলমগীর সালাম পুলক ও দুর্ঘটনা সম্পাদক ফরিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। পথসভায় বক্তারা বলেন, বর্তমানে টেকনাফ-কক্সবাজার সড়ক গর্তেভরা ভাঙ্গা রাস্তায় পরিণত হয়েছে। এর জন্য স্থানীয় সাংসদ, ইউপি চেয়ারম্যান ও বাজার কমিটিকে দায়ী করে বক্তারা অবিলম্বে রাস্তাগুলো পুন:সংস্কারের দাবি জানান। বক্তারা বলেন, যাত্রী-পথচারী-চালক যদি নিজ নিজ দায়িত্ব পালন করেন, তবে সড়ক দুর্ঘটনারোধ বহুলাংশে সম্ভব। নিজ নিজ ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করলে সড়ক দুর্ঘটনা এমনিতেই হ্রাস পাবে। মেহেরপুরে আওয়ামী তরুণ লীগের কমিটি গঠন মেহেরপুর প্রতিনিধি \ মেহেরপুরে আওয়ামী তরুণ লীগের কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার সন্ধায় মেহেরপুর জেলা শিশু একাডেমী মিলনায়তনে তরুণ লীগের উদ্যোগে তরুণ লীগ সদর উপজেলা, শহর ও মুজিবনগর উপজেলার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। এ সময় ২ উপজেলার শত শত তরুণ ছাত্র-ছাত্রী সভায় অংশগ্রহণ করেন। নব গঠিত তরুণ লীগের কর্মকর্তারা হচ্ছেন, সদর উপজেলা সভাপতি সাজেদুল ইসলাম, সম্পাদক রেজাউল আবিদ, শহর সভাপতি নূরু হোসেন, সম্পাদক রাজিব হোসেন এবং মুজিবনগর উপজেলা সভাপতি রকিবুল হাবিব ও সম্পাদক জিয়ারুল রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিটি গঠনের আহবায়ক ননী গোপাল সাহা। স্বাগত বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক অসীম কুমার। আরো বক্তব্য রাখেন যুবলীগের জেলা অর্থ বিষয়ক সম্পাদক মাহফুজুর রহমান রিটন, যুবলীগ নেতা শহিদুল ইসলাম পেরেশান, গাংনী থানা ছাত্রলীগের সভাপতি হাসান রেজা সেন্টু, যুবলীগ নেতা শাহারিয়ার লিজন ও ছাত্রলীগ নেতা এ,কে,আজাদ সাগর। সভা শেষে নব গঠিত তরুণ লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়কে উল্লাস মিছিল বের করে। সিরাজগঞ্জে সাংস্কৃতিক ব্যক্তিত্বকে গুণীজন সংবর্ধনা সিরাজগঞ্জ প্রতিনিধি\ ‘বার্নিং স্প্রীড’ ব্যান্ডের কনসার্ট ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে গতকাল সিরাজগঞ্জ শহীদ এম, মনসুর আলী অডিটরিয়ামে সাংস্কৃতিক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখায় জেলার ২ জন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্বকে গুণীজন সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধিত ব্যক্তিরা হলেন, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় নেতা ও দৈনিক ইত্তেফাকের সাংবাদিক এবং কণ্ঠশিল্পী ফজল-এ-খোদা লিটন ও সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আসাদ উদ্দিন পবলু। ফ্রেন্ডস কেবল নেটওয়ার্কের স্বত্বাধীকার সোহেল মাহমুদের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের নেত্রী ও বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী জান্নাত আরা তালুকদার হেনরী। এতে বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের ভাইস প্রেসিডেন্ট আব্দুল মতিন চৌধূরী, বিশিষ্ট ব্যবসায়ী ও কণ্ঠশিল্পী আজাদ রহমান, বিশিষ্ট সংগীত শিক্ষক ওস্তাদ আমিনুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতেই বীর মুক্তিযোদ্ধা পপ সম্রাট গুরু আজম খানের স্মরণে আলোচনা ও তার রুহের মাগফেরাত কামনা করা হয়। কনসার্টে সংগীত পরিবেশন করেন আসিফ ইমরান, আজাদ রহমান, রাকিব-এ-খোদা অভি ও নির্ঝর। হোমনায় ভেজাল খাদ্য দ্রব্য বিষয়ক সচেতনতামূলক সভা হোমনা (কুমিল্লা) সংবাদদাতা \ ভেজাল খাদ্য দ্রব্য বিষয়ক সচেতনতা সৃষ্টিমূলক সভা আজ শনিবার উপজেলার ছোট ঘাগুটিয়া গ্রামে অনুষ্ঠিত হয়। গ্রামীণ উন্নয়ন সংস্থা (গাস) এনজিও আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মুক্তিযোদ্ধা মোসাদ্দেক আযম সিদ্দিকী। গাস এর সভাপতি মো. আল আমিন সরকারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন লে. কর্নেল (অব.) মো. শাহআলম, ল্যাব এইড কার্ডিয়াক হাসপাতালের এমডি উদয় কুমার দাস, পাক্ষিক অর্থ কণ্ঠের প্রধান বার্তা সম্পাদক শিব সংকর মোদক, ভিশন ২০২১ ফোরামের প্রোগ্রাম কো-অর্ডিনেটর সাজ্জাদ লতিফ। অন্যদের মধ্যে বক্তব্য দেন গাস-এর নির্বাহী পরিচালক মো. নজরুল ইসলাম সরকার, মুক্তিযোদ্ধা আঃ লতিফ প্রমুখ। সিংগাইরে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা\ দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে সিংগাইর পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আকরাম হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। স্বেচ্ছাসেবক দলের জেলা সভাপতি মুহাম্মদ শরীফ ফেরদৌস ও সাধারণ সম্পাদক রফিক উদ্দিন ভুঁইয়া হাবু স্বাক্ষরিত এই বহিষ্কারের আদেশ গতকাল সাংবাদিকদের কাছে পাঠানো হয়েছে। আকরাম হোসেন জানান, দলীয় শৃঙ্খলা বিরোধী কোন কাজই তিনি করেন না।