জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, বর্তমান সরকার জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। তাই তাদের ক্ষমতায় থাকার অধিকার নেই। প্রয়োজনে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করবো, রাস্তায় নামবো। গতকাল শনিবার এরশাদ তার বনানী কার্যালয়ে শরীয়তপুর জেলা জাপা নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন।
এরশাদ বলেন, খুন ও গুমের কারণে বাংলাদেশ এখন কলঙ্কিত দেশ হিসেবে পরিচিতি পেয়েছে। কে কখন গুম হয়ে যায়, এর গ্যারান্টি নেই। নদীতে লাশ ভেসে ওঠে। আমার সময়ে এমন ছিল না। সরকারের এসব ব্যর্থতা তুলে ধরবো। তিনি বলেন, জনগণের জানমালের নিরাপত্তার দাবিতে দরকার হলে আন্দোলন করবো। তবে আমাদের আন্দোলন হবে অহিংস। বিএনপি ও জামায়াতের মতো সহিংস আন্দোলনে আমরা বিশ্বাস করি না। তারা আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে মেরেছে, তাদের কর্মকাণ্ডে আল্লাহর আরশ কেঁপে উঠেছে। সেজন্য দলটি ক্ষমতায় যেতে পারেনি।
জাপা চেয়ারম্যান আরো বলেন, আমার বিরুদ্ধে আন্দোলন হয়েছিল শুধু ঢাকায়। আমি চাইলে ক্ষমতায় থাকতে পারতাম; কিন্তু মানুষ মেরে ক্ষমতায় থাকতে চাইনি। আমি তখন ১৮ থেকে ২০ ঘণ্টা কাজ করেছি মানুষের জন্য। সেই লোকগুলো যখন অন্যের প্ররোচনায় আমার বিরুদ্ধে মাঠে নেমেছে, তখন আমি দেখতে চেয়েছি, আমি ছেড়ে দিলে তারা কেমন থাকে। প্রমাণিত হয়েছে তারা ভালো নেই।
সাবেক প্রধান বিচারপতি সাহাবুদ্দিনের সমালোচনা করে তিনি বলেন, সাহাবুদ্দিন আমার সঙ্গে ‘বেইমানি’ করেছেন, ‘ইনজাস্টিস’ করেছেন। এরশাদ বলেন, আওয়ামী লীগ বা বিএনপি সরকার দেশের জন্য কিছু করেনি। বেসরকারি খাতের অগ্রগতির কারণে দেশ এগিয়েছে। আমিই এদেশে ‘ফাদার অব প্রাইভেট সেক্টর’। আমি সাতটি বেসরকারি ব্যাংক ও ১৮টি বীমা কোম্পানি অনুমোদন দিয়েছিলাম। দলীয় কাউকে সুযোগ-সুবিধা দিইনি। সে কারণে ৬ শতাংশ জিডিপি অর্জিত হয়েছে। এখন যারা ব্যাংক লুটের পর বলেন- চার হাজার কোটি টাকা কিছুই না, তাদের ক্ষমতায় থাকার অধিকার নেই।
এরশাদ বলেন, দেশের সবগুলি নদী আজ দূষণ ও দখলের শিকার। আওয়ামী লীগ-বিএনপি দেশকে শুধু দলীয়করণ, টেন্ডারবাজি ও দখলবাজি দিয়েছে। নদীগুলি এমনভাবে বেদখল হয়ে যাচ্ছে যে, কয়দিন পরে হয়তো নদী নিয়ে আর কবিতাও লিখতে পারবো না। তিনি বলেন, আমাকে দায়িত্ব দেয়া হলে রাতারাতি নদী দূষণ ও দখল বন্ধ করে দিতে পারতাম। জেলা জাপার সভাপতি মাসুদুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জাপা মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু এবং পার্টি চেয়ারম্যানের প্রেস ও পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায় প্রমুখ।
৬ আগস্ট জাপার মানববন্ধন
গাজায় ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে আগামী ৬ আগস্ট বুধবার ঢাকাসহ সারাদেশে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছেন জাপা চেয়ারম্যান এইচএম এরশাদ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ওইদিন ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে বেলা ১১টায় এরশাদের নেতৃত্বে মানববন্ধন শুরু হবে। একইসময়ে দেশের প্রতিটি জেলা সদর ও উপজেলায়ও অভিন্ন কর্মসূচি পালনের জন্য তিনি দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
