জেলায় পার্বতীপুর উপজেলার নিভৃত পল্লীতে গত শুক্রবার রাতে ডাকাতদের ছোঁড়া ককটেলে আহত হয়েছে ২ পুলিশ। পুলিশ এ সময় ৩ ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়। আহত পুলিশের ২ এএসআই হলেন— সাদেকুজ্জামান ও মানিক। মনমথপুর রেল স্টেশনে এ ঘটনা ঘটে।
থানা সূত্র জানা যায়, শুক্রবার দিবাগত রাত আড়াইটা থেকে ৩টার মধ্যে উপজেলার চণ্ডিপুর ইউপির খেরুয়াপাড়া গ্রামে মোমিন উদ্দিনের ছেলে আবুল হোসেনের বাড়ীতে ১৫/২০ জনের একটি ডাকাত দল প্রবেশ করে। বাড়িতে থাকা লোকদের আটকে রেখে ১৫ হাজার টাকা, ৬ ভরি স্বর্ণালংকার ও ৫টি মোবাইল ফোন নিয়ে যায়।
পার্বতীপুর মডেল থানার ওসি নাসির উদ্দিন মণ্ডল জানান, সংবাদ পেয়ে তিনি ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। পরে ডাকাতদের অবস্থানের কথা জানতে পেরে তারা মনমথপুর রেল স্টেশনে তাদের দেখতে পায়। এ সময় ডাকাতদের সাথে পুলিশের ধস্তাধস্তির এক পর্যায় ডাকাতরা কৌশলে ব্যাগে থাকা দেশীয় ককটেল বিস্ফোরণ ঘটালে ২ পুলিশ আহত হয়।
