সবকিছু ঠিক থাকলে চলতি সপ্তাহ থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে চাল যাবে ত্রিপুরায়। আশুগঞ্জ বন্দর থেকে চাল নিয়ে সরাসরি বাংলাদেশি ট্রাক আখাউড়া স্থলবন্দর দিয়ে ত্রিপুরায় যাবে এবং চাল ত্রিপুরার রাজধানী নন্দননগর এফ সি আই গুদামে নামিয়ে সেই ট্রাক আসবে বাংলাদেশে। গত বৃহস্পতিবার এ খবর দিয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা থেকে প্রকাশিত দৈনিক সংবাদ পত্রিকা।
খবরে বলা হয়, এর জন্য বিশেষ অনুমতিও নেয়া হয়েছে। আখাউড়া স্থলবন্দরে গাড়ি পৌঁছলে সেই গাড়িতে একজন বা দুইজন করে বিএসএফ জওয়ান উঠবে। এরপর এই গাড়ি নন্দননগর পৌঁছবে এবং একই পথে ফিরে আসবে। যে রাস্তা দিয়ে গাড়ি গুলো যাবে সেই রাস্তায় বিশেষ নিরাপত্তা থাকবে। রাজ্যের ট্রাফিক পুলিশ গাড়িগুলোকে এসকর্ট করে নিয়ে যাবে। গুদামে চাল নামানোর জন্য পর্যাপ্ত শ্রমিকের ব্যবস্থা রাখছে এফসিআই। যাতে গাড়ি আসলেই সঙ্গে সঙ্গে চাল খালাস করা হয়।
খবরে আরো জানা গেছে, সবকিছু ঠিক থাকলে চলতি সপ্তাহের যে কোন দিন থেকে রাজ্যে চাল আসা শুরু হবে।
