ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের হাজরাকান্দা গ্রামে গত শুক্রবার সন্ধ্যায় ক্যারাম খেলাকে কেন্দ করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে। আহতদের ভাঙ্গা, ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল ও রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভাঙ্গা থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে ব্যাপক লাঠিচার্জ করে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন রয়েছে।
জানা যায়, শুক্রবার সন্ধ্যায় কয়েকজন যুবক হাজরাকান্দা গ্রামে ক্যারামবোর্ড খেলছিল । এসময় পাশে দাঁড়িয়ে থাকা দর্শদের মধ্যে বর্তমান এমপি নিক্সন চৌধুরীর সমর্থক ওয়াজকুরুনী সাবেক এমপি কাজী জাফর উল্ল¬াহর সমর্থক তুহিনকে ক্যারামবোর্ডের একটি গুটি খেলতে বলে । এনিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হলে শুরু হয় উত্তেজনা। সাথে সাথে ঘটনাটি গ্রামে ছড়িয়ে পড়লে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। তারা দেশীয় অস্ত্র ঢাল, সড়কি, রামদা, টেঁটা প্রভৃতি নিয়ে গভীর রাত পর্যন্ত দফায় দফায় সংঘর্ষে লিপ্ত থাকে। সংঘর্ষ চলাকালীন মানিক মিয়ার একটি মুদি দোকান, সম্রাট, রশিদ ও ওবাইদুরের বসতবাড়িসহ আরো ৫/৬টি বাড়ি ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
এ ব্যাপারে ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ নাজমুল ইসলাম বলেন, পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি।
