আজ মহিমাগঞ্জের শোকাবহ দিন

আপডেট : ০২ আগস্ট ২০১৪, ২২:৫৬
আজ ৩ আগস্ট। মহিমাগঞ্জের ইতিহাসে একটি শোকাবহ দিন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালে আজকের এই দিনে মহিমাগঞ্জের সাবেক দুই চেয়ারম্যান শহীদ এমাদ উদ্দিন আকন্দ ও শহীদ আব্দুস সোবহান আকন্দ এবং বিশিষ্ট ব্যবসায়ী শহীদ আব্দুল কাদের সরকারকে তাদের বাসা থেকে রাজাকাররা ধরে নিয়ে যায়। গভীর রাতে তাদের গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কের মালঞ্চা নামক স্থানে নিয়ে গিয়ে নিজ হাতে কবর খুঁড়তে বাধ্য করে। পরে কবরে নামিয়ে তাদের গুলি করে হত্যা করে পাকিস্তানি সৈন্য ও রাজাকাররা। পরদিন শহীদের স্বজনরা মাটি খুঁড়ে তাদের লাশ উদ্ধার করে। মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে জেলা পরিষদের অর্থায়নে শহীদদের স্মরণে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। আজ তাদের মৃত্যুবার্ষিকীতে স্মৃতিস্তম্ভটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।