বিএনপির আন্দোলন হতাশার আবর্তে ঘুরপাক খাচ্ছে

আপডেট : ০২ আগস্ট ২০১৪, ২২:৫৭
যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি’র আন্দোলন ভুলের চোরাবালিতে আটকে গেছে। এটি এখন হতাশার আবর্তে ঘুরপাক খাচ্ছে। জনগণকে নিয়ে আন্দোলন করার মতো সাংগঠনিক ও রাজনৈতিক প্রস্তুতি বিএনপি’র রয়েছে এমন কোনো লক্ষণ বাংলাদেশে এখনো দৃশ্যমান নয়। গতকাল শনিবার বেলা ১১টায় বান্দরবান জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা আওয়ামী লীগের সভাপতি ক্য শৈ হ্লা’র সভাপতিত্বে আয়োজিত শোক সভায় অন্যদের মধ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুর রহমান, আব্দুর রহিম চৌধুরী, সাধারণ সম্পাদক কাজী মুজিবর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষ্মী পদ দাশসহ সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। যোগাযোগ মন্ত্রী আরো বলেন, বিএনপি’র আন্দোলনের কোন ইস্যু নেই। জনগণ আন্দোলনে নেই এবং জনমতের বিরুদ্ধে আন্দালন করতে গেলে বিএনপি আরো জনবিচ্ছিন্ন হয়ে পড়বে। তিনি বলেন, শোক সভার নামে কোন ধরনের চাঁদাবাজি সহ্য করা হবে না। বঙ্গবন্ধুর সম্মান রক্ষা করতে হলে শোকাবহ মাসের পর প্রদর্শিত শোকের ব্যানার ধূসর হয়ে পড়ার আগে খুলে নিতে হবে।