নৌপথে নজরদারি বাড়াতে বিআইডব্লিউটিএর হেলিকপ্টার টহল

আপডেট : ০২ আগস্ট ২০১৪, ২২:৫৭
আপনজনের সঙ্গে ঈদ শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে ঢাকাবাসী। নৌ-পথে ঢাকায় প্রবেশের অন্যতম স্থান সদরঘাট লঞ্চ টার্মিনালে। গত বৃহস্পতিবার ও শুক্রবার ভিড় কিছুটা কম থাকলেও গতকাল শনিবার ভোর থেকে ঢাকামুখী মানুষের প্রচণ্ড ভিড় দেখা যায়। ঈদের ছুটি শেষে নৌ-পথে ঢাকায় ফেরা মানুষের নিরাপত্তা দিতে নজরদারি বাড়িয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। অবশ্য ভিড়ের ঝামেলা এড়ানোর জন্য অনেকেই ছুটি শেষ হবার দুই-একদিন আগেও ঢাকায় ফিরেছেন।আজ রবিবার অফিস-আদালত খোলা আর তাই ছুটির শেষদিন শনিবার ভোরেই ভিড় সবচেয়ে বেশি।নৌ-পথে যাত্রীদের যাত্রা নিরাপদ করতে প্রথমবারের মতো চারটি পয়েন্ট থেকে হেলিকপ্টারে টহলের ব্যবস্থা করেছে বিআইডব্লিউটিএ। বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান ড. শামছুদ্দোহা খন্দকার ইত্তেফাককে বলেন, নৌ-পথে যাত্রীদের নিরাপত্তা দিতেই এই ব্যবস্থা। এখন পর্যন্ত যাত্রীরা নির্বিঘ্নেই ঢাকায় ফিরছে। আজ রবিবারও মানুষ নিরাপদেই ঢাকায় ফিরতে পারবে বলে আশা করেন তিনি।