চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

আপডেট : ০২ আগস্ট ২০১৪, ২২:৫৮
গত শুক্রবার রাত থেকে গতকাল শনিবার পর্যন্ত চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছে। হতাহতের মধ্যে সকলেই সিএনজি অটোরিক্সা, টেম্পোর যাত্রী ও পথচারী। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিরা এলাকায় রাস্তা পারাপারের সময় বাস চাপায় শাহ আলম (৫৫) নামের এক কাঠুরিয়া নিহত হয়েছেন। বনে কাঠ কাটতে যাওয়ার সময় তিনি দুর্ঘটনার শিকার হন। এদিকে পটিয়া কলেজ বাজার এলাকায় গত শুক্রবার গভীর রাতে ট্রাকের ধাক্কায় ঠাকুর প্রসাদ দাশ (৫৫) নামে এক সিএনজি অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। চন্দনাইশ উপজেলার দোহাজারী এলাকায় শুক্রবার গভীর রাতে মহিউদ্দিন (২২) নামে এক যুবক নিহত হয়। পুলিশ জানায়, বান্দরবান থেকে ফেরার পথে দৌড়ে গাড়িতে উঠতে গিয়ে বাসের নীচে চাপা পড়ে তিনি মারা যান। এদিকে সাতকানিয়া থানার মৌলভীর দোকান এলাকায় বিয়ের বাস খাদে পড়ে অন্তত ৫ জন আহত হয়েছে। গতকাল শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।