জ্যামিতির জনক :ইউক্লিড

আপডেট : ০৩ আগস্ট ২০১৪, ২০:২০
প্রাচীন অঙ্কশাস্ত্রবিদ ইউক্লিড যীশুখ্রীস্টের জন্মের বহু আগে গ্রিসে জন্মগ্রহণ করেন। তাঁর জন্ম ও জীবন সম্বন্ধে প্রামাণ্য তথ্য পাওয়া যায় না। অনুমান করা হয়, যীশুখ্রীস্টের জন্মের প্রায় ৩০০ বছর আগে তিনি জন্মগ্রহণ করেছেন। ইউক্লিডের “জ্যামিতিক সূত্র” সমূহ সে সময় শুধু নয়, আজো স্কুল কলেজে পড়ানো হয়ে থাকে, কারণ সকল জ্যামিতিক ধারণাই তাঁর সূত্রের উপর ভিত্তি করে তৈরি। ইউক্লিড মহাজ্ঞানী প্লেটোর বিখ্যাত স্কুলে পড়াশুনা করেছেন বলে প্রচলিত আছে। রাজনৈতিক কারণে প্লেটোর স্কুলটি স্থানান্তরিত করা হয়েছিল মিশরের প্রাচীন সমুদ্রবন্দর আলেকজান্দ্রিয়ায়। এই স্কুলে ছিল এক বিশাল ও সমৃদ্ধ গ্রন্থাগার। এই গ্রন্থাগারে বসে ইউক্লিড পড়াশুনা ও গবেষণা করেন। ইউক্লিডের অঙ্কশাস্ত্র প্রথমে আরবি ভাষায় রচিত হয়েছিল। পরে ল্যাটিন ভাষায় অনূদিত হয়েছিল। ইউক্লিডকে জ্যামিতি শাস্ত্রের জনক বলা হয়। তাঁর ওপর গবেষণা করে জার্মান অঙ্কশাস্ত্রবিদ রেইম্যান আবিষ্কার করেন “ইউক্লিডিয়ান জিওম্যাট্রি”। মহাজ্ঞানী আইনস্টাইনও ইউক্লিডের জ্যামিতিক সূত্রের সাহায্যে আবিষ্কার করেন “আপেক্ষিক তত্ত্ব”। আলেকজান্দ্রিয়ার সম্রাট টলেমিও ছিলেন ইউক্লিডের গুণমুগ্ধ ভক্ত। কিন্তু সম্রাটের কাছে ইউক্লিডের জ্যামিতিক সূত্রগুলো ভীষণ জটিল বলে মনে হতো। তাই তিনি ইউক্লিডকে জ্যামিতি শেখার বা বোঝার শর্টকার্ট পথ জানতে চেয়েছিলেন। ইউক্লিড সবিনয়ে সম্রাটকে বলেছিলেন— “মহারাজের জন্যও জ্যামিতি শেখার কোনো সহজ পথ তৈরি হয় নি। জ্ঞানার্জনের জন্য কোনো শর্টকার্ট পথ নেই।” ইউক্লিডের এই জবাবটি পরবর্তী সময়ে প্রবচনে পরিণত হয়েছে। যথার্থই জ্ঞানার্জনের জন্য কোনো শর্টকার্ট পথ নেই। জ্ঞানার্জনের জন্য চাই অসীম ধৈর্য, অনুশীলন, অধ্যবসায়, মনোযোগ। অঙ্কশাস্ত্রকে অনেকের কাছে নীরস বিষয় মনে হয়। কিন্তু বিষয়ের মধ্যে একবার ডুবে যেতে পারলে কোনো বিষয়ই আর নীরস থাকে না।