একাদশ ও দ্বাদশ

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

আপডেট : ০৩ আগস্ট ২০১৪, ২০:২২
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজও ২য় অধ্যায়-কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং থেকে নেটওয়ার্ক টপোলজি নিয়ে আলোচনা করা হলো। এগুলো সংগ্রহ করে পড়বে। প্রশ্ন-১। নেটওয়ার্ক টপোলজি বলতে কী বুঝ? চিত্রসহ বিভিন্ন প্রকার টপোলজি সম্পর্কে আলোচনা কর। নেটওয়ার্ক টপোলজি ছয় ধরনের। যথা- ১.বাস টপোলজি ২.রিং টপোলজি ৩.স্টার টপোলজি ৪.ট্রি টপোলজি ৫.মেশ টপোলজি ও ৬.হাইব্রিড টপোলজি। গতকালের প্রশ্নোত্তরের বাকী অংশ আজ ছাপা হলো। ৪. ট্রি টপোলজি : যে টপোলজিতে কম্পিউটারগুলো পরস্পরের সাথে শাখা-প্রশাখা হিসেবে বিন্যস্ত থাকে যা দেখতে অনেকটা গাছের মত (যেমন- গাছের মূল এবং শাখা প্রশাখা থাকে) তাকে ট্রি টপোলজি বলে। এখানে গাছের মূল হচ্ছে হোস্ট কম্পিউটার, বাকি কম্পিউটারগুলো হল শাখা ও প্রশাখা। যেমন- চিত্রে মেইনফ্রেম কম্পিউটার হচ্ছে হোস্ট আর বাকি কম্পিউটারগুলো হল শাখা ও প্রশাখা। সুবিধা :১.শাখা প্রশাখার মাধ্যমে নেটওয়ার্ক সমপ্রসারণ সুবিধাজনক। ২.অফিস ব্যবস্থাপনার জন্য এ নেটওয়ার্ক বেশি উপযোগী। অসুবিধা : ১.মূল কম্পিউটার নষ্ট হলে সম্পূর্ণ নেটওয়ার্ক অচল হয়ে যায়। ২.নেটওয়ার্কের গঠন প্রকৃতি জটিল। ৫. মেশ টপোলজি : মেশ টপোলজির ক্ষেত্রে নেটওয়ার্কের অধীনস্ত প্রতিটি কম্পিউটার অন্য কম্পিউটারের সাথে সরাসরি যুক্ত থাকে। এ ব্যবস্থায় প্রতিটি কম্পিউটার সরাসরি যে কোন কম্পিউটারে ডাটা আদান প্রদান করতে পারে। এ ধরনের নেটওয়ার্কভুক্ত কম্পিউটারগুলোর মধ্যে পারস্পরিক সংযোগকে পয়েন্ট টু পয়েন্ট লিংক বলে। সুবিধা : ১.যে কোন দুইটি কম্পিউটারের মধ্যে দ্রুত ডাটা আদান প্রদান করা যায়। ২.যে কোন কম্পিউটার নষ্ট হয়ে গেলে অন্য কম্পিউটারে ডাটা আদান-প্রদানে কোন সমস্যা হয় না। ৩.নেটওয়ার্কের সমস্যা খুব সহজে সমাধান করা যায়। ৪.ডাটা কমিউনিকেশনে অনেক বেশি নিশ্চয়তা থাকে। অসুবিধা : ১.নেটওয়ার্ক ইনস্টলেশন ও কনফিগারেশন বেশ জটিল। ২.সংযোগ লাইনগুলোর দৈর্ঘ্য বেশি হওয়ায় খরচ বেশি হয়। ৬. হাইব্রিড টপোলজি : স্টার, রিং, বাস ইত্যাদি নেটওয়ার্কের সমন্বয়ে যে নেটওয়ার্ক গঠিত হয় তাকে হাইব্রিড টপোলজি বলে। ইন্টারনেট একটি হাইব্রিড টপোলজির উদাহরণ। এখানে, সব ধরনের টপোলজির নেটওয়ার্ক সংযুক্ত থাকে। সুবিধা : ১.নেটওয়ার্কের সমস্যা নির্ণয় করা সহজ। ২.প্রয়োজন অনুযায়ী নেটওয়ার্ককে বৃদ্ধি করা যায়। অসুবিধা : ১.কোন এক অংশ নষ্ট হলে সম্পূর্ণ নেটওয়ার্ক নষ্ট না হয়ে অংশবিশেষ নষ্ট হয়ে যায়। ২.ব্যবহূত হাব সমসময় সচল রাখতে হয়।