শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্ত্রীর মৃতদেহ ফেলে পালিয়ে গেছে স্বামী। রবিবার সকাল নয়টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ গৃহবধূর লাশ মর্গে প্রেরণ করেছেন।
শেবাচিম হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম জানান, গত ৩০ জুলাই সিমু আক্তারকে (৩০) স্ত্রী পরিচয় দিয়ে আলতাফ হোসেন নামে এক ব্যক্তি মেডিসিন ওয়ার্ডে ভর্তি করেন। গতকাল সকাল ছয়টার দিকে হাসপাতালের চতুর্থ তলায় ৫ নম্বর মহিলা ওয়ার্ডে চিকিত্সাধীন অবস্থায় সিমু আক্তারের মৃত্যু হয়। এরপর সিমু আক্তারের স্বামী আলতাফ হোসেনকে খোঁজ করেও তার কোনো সন্ধান মেলেনি। ওয়ার্ড মাস্টার জানান, ভর্তি রেজিস্টারের ঠিকানা অনুযায়ী ঢাকার সবুজবাগ থানার মানিকনগর এলাকার ১২/এ’র বাসিন্দা আলতাফ হোসেনের চারটি মোবাইল নাম্বারে একাধিকবার যোগাযোগ করা হলে তারা সিমু নামের কাউকে চেনেন না বলে জানান।
