বাগেরহাট সদর উপজেলার নবাবপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী এনায়েত হোসেনের বাড়িতে ডাকাতি করে পালাবার সময় এলাকাবাসী বোমাসহ জহির উদ্দিন নামের এক ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করে। আকটকৃত জহির খুলনার যুগীদারপুর মিরেরডাঙ্গা এলাকার মমতাজ উদ্দিনের ছেলে।
জানা যায়, রবিবার ভোর রাতে ৫ জনের একটি ডাকাত দল এনায়েত হোসেনের বাড়িতে ঢুকে নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ আড়াই লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এসময় বাড়ির লোকজনের ডাক-চিত্কারে এলাকাবাসী ছুটে এসে ডাকাত দলকে ধাওয়া করে। ডাকাত দল দুটি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী জহির উদ্দিন নামের একজনকে আটক করতে সক্ষম হয়। এসময় তার কাছ থেকে ৪টি বোমা উদ্ধার করা হয়। অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় ডাকাতি ও বোমা বিস্ফোরণ আইনে দুটি মামলা দায়ের করা হয়েছে।
