কেন্দুয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ

আপডেট : ০৩ আগস্ট ২০১৪, ২১:৫১
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রামপুর আনোয়ারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে জেএসসিতে বৃত্তিপ্রাপ্ত এক ছাত্রীর বৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। গতকাল রবিবার ইউএনও বরাবরে ঐ ছাত্রীর বাবা লিখিত অভিযোগ করেন। ১৪ ফেব্রুয়ারি ১৩ সালে প্রকাশিত জেএসসি বৃত্তি পরীক্ষায় রামপুর আনোয়ারা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী তাবাসুম আক্তার সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে। বিধি মোতাবেক সরকারের মঞ্জুরিকৃত বৃত্তির অর্থ ৩০ জুন ২০১৪ ইং তারিখের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে উত্তোলনের বিধান থাকলেও তাবাসুম আক্তারের পিতা আবুল হাসেম টাকা উত্তোলনের জন্য ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে বারবার যোগযোগ করার পরও প্রধান শিক্ষক টাকা তুলে দিতে বিভিন্ন টালবাহানা করে সময়ক্ষেপণ করেন। রামপুর আনোয়ারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌসী আক্তার খানম বলেন, টাকা দেয়া হয়ে গেছে। এ নিয়ে বাড়াবাড়ি করে লাভ নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহা. রুহুল আমিন জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।