ময়মনসিংহের নান্দাইল উপজেলায় সড়ক দুর্ঘটনায় দাদা-নাতিসহ বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় ১৬ নিহত হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা।
নান্দাইলে বাস চাপায়
দাদা-নাতি নিহত
ময়মনসিংহের নান্দাইল উপজেলার কানরামপুর বাসস্ট্যান্ডে গতকাল রবিবার দুপুরে বাস চাপায় দাদা মো. আবুবক্কর সিদ্দিক (৬৫) ও নাতী মো. রাইয়ান (৫) মারা গেছেন। এ সময় নাসরিন ও ফাহিমা নামে দুইজন আহত হন। নান্দাইল মডেল থানার ওসি সাইফুল ইসলাম ফরাজী জানান, বাসের সহকারী মো. হাবিবুর রহমান বাসটি চালাচ্ছিলেন। তাকে গ্রেফতার করা হয়েছে।
ভালুকায় বাসচাপায়
শাশুরী বউ নিহত
ময়মনসিংহের ভালুকা উপজেলার আমতলী মায়ের মসজিদের সামনে রাস্তা পারাপারের সময় গতকাল রবিবার বাস চাপায় শাশুরী সালেহা খাতুন (৬০) ও বউ লতা আক্তার মারা যান।
নলছিটিতে বাস চাপায় দুইজন নিহত
ঝালকাঠির নলছিটি উপজেলার তিমিরকাঠি জিরোপয়েন্ট এলাকায় গতকাল রবিবার দুপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত ও একজন আহত হয়েছেন। নিহতরা হলেন, তারেক (২০) ও অজ্ঞাত পরিচয় একজন। আহত একজনকে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মুন্সীগঞ্জে আহত ব্যক্তির মৃত্যু
মুন্সীগঞ্জ সদরে সড়ক দুর্ঘটনায় আহত বাবু সরকার (২২) নামে এক ব্যক্তি গতকাল রবিবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান। গত বৃহস্পতিবার দুপুরে মুন্সীগঞ্জের সদর উপজেলার কাটাখালি বাজারের কাছে মোটারবাইক দুর্ঘটনায় হিমেল বেপারী (২৫) নামে অপর একজন নিহত ও ৪ জন আহত হয়। আহতদের মধ্যে হিমেল একজন।
সুজানগরে নদীতে ডুবে শিশুর মৃত্যু
পাবনার সুজানগরের মহনপুর গ্রামে গতকাল রবিবার পদ্মা নদীতে ডুবে রাশেদুল ইসলাম (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
দেলদুয়ারে একজন নিহত
টাঙ্গাইলের দেলদুয়ার লাওহাটী এলাকায় গতকাল রবিবার বিকালে দুই সিএনজি’র সংঘর্ষে মিন্টু মিয়া (৬৫) নামে ব্যক্তি নিহত ও তিনজন আহত হয়েছেন। আহতদের দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গোবিন্দগঞ্জে শিশুর লাশ উদ্ধার
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দোয়াইল গ্রামে বাঙ্গালী নদীতে ডুবে নিখোঁজের ৪৫ ঘণ্টা পর গতকাল রবিবার সকাল সাড়ে সাতটায় সোহাগ (৫) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার সকাল ১০টায় বাবার সাথে গোসল করতে গিয়ে সে নিখোঁজ হয়।
ব্রাহ্মণবাড়িয়ায় যুবকের লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ২০ ঘণ্টা পর গতকাল রবিবার সকাল ৯টায় ইমাদ বিন ইসলাম (৩১) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। সে গত শনিবার দুপুর ১টায় চার বন্ধুকে নিয়ে মেড্ডা শ্মশান ঘাট এলাকার তিতাস নদীতে গোসল করতে গিয়ে নদীর মাঝখানে ডুবে নিখোঁজ হয়।
কুমিল্লায় যুবকের লাশ উদ্ধার
কুমিল্লা বুড়িচং উপজেলার রামপাল গ্রাম থেকে গতকাল রবিবার বিপুল চন্দ্র দাস ওরফে ডেভিড (২৭) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সদস্যদের সাথে অভিমান করে সে গত শনিবার আম গাছের ডালে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
সিরাজদিখানে এক ব্যক্তির বিষপানে আত্মহত্যা
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার পশ্চিম কাকালদী গ্রামে গত শনিবার রাতে বিষপান করে মো. জসিম শেখ (২৬) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেন। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ঘটনার ৩ দিন আগে সে শ্বশুরবাড়ি মধ্যপাড়ার তেলীপাড়া বেড়াতে এসে শনিবার সন্ধ্যায় বিষপান করে।
মিরসরাইয়ে শিশু নিহত
চট্টগ্রামের মিরসরাই উপজেলার মামা ফকিরের মাজার এলাকায় গতকাল রবিবার দুপুরে সড়ক দুর্ঘটনায় মো. সুমন (৭) নামে এক শিশু মারা গেছে। ঢাকাগামী সৌদিয়া পরিবহনের একটি বাস রাস্তা পারাপারের সময় সুমনকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়।
লোহাগড়ায় দুইজনের লাশ উদ্ধার
নড়াইলের লোহাগড়ায় গতকাল রবিবার পৃথক ঘটনায় নিহত ২ ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার মরিচপাশা গ্রামে পারিবারিক কলহের জেরে মিজানুর রহমান (৪৫) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেন। উপজেলার ব্রাহ্মণডাঙ্গা গ্রামে বিদ্যুত্স্পৃষ্টে সৈয়দ কায়েমের মুরগীর খামারের শারীরিক প্রতিবন্ধী শ্রমিক মান্নান শেখ (১৮) নামে এক ব্যক্তি মারা গেছেন। উভয় ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
