রাজশাহীতে সন্ত্রাসী হামলায় মুক্তিযোদ্ধা আহত
রাজশাহী অফিস\ রাজশাহীতে সন্ত্রাসী হামলায় পবা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার এমদাদুল হক (৬২) গুরুতর আহত হয়েছেন। রবিবার গোদাগাড়ী উপজেলার ঈশ্বরীপুরে এই ঘটনা ঘটে। তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি পবার দামকুড়া হাট এলাকার আলোকছত্র গ্রামের বাসিন্দা। এ ব্যাপারে গোদাগাড়ী মডেল থানার ওসি এসএম আবু ফরহাদ জানান, মুক্তিযোদ্ধার ওপর হামলার বিষয়ে পুলিশ অবগত রয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশী অভিযান চলছে।
গৌরনদীতে বিরোধের জেরে স্বামী-স্ত্রী টেটাবিদ্ধ
গৌরনদী (বরিশাল) সংবাদদাতা\ জমাজমি নিয়ে বিরোধের জের ধরে গতকাল রবিবার বরিশালের গৌরনদী উপজেলার উত্তর শরিকল গ্রামে স্বামী- স্ত্রী টেটাবিদ্ধ হয়েছে। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে আহত হয়েছে কমপক্ষে ১০ জন। এদের মধ্যে ৮ জনকে গৌরনদী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আনোয়ার সরদার গ্রুপের সাথে দুলাল সরদার গ্রুপের জমির মালিকানা নিয়ে সংঘর্ষ বাধে। এ সময় প্রতিপক্ষরা আনোয়ার সরদার (৪৫) ও তার স্ত্রী জাহানারা বেগমকে (৩৫) টেটাবিদ্ধ করে এবং একই গ্রুপের শিল্পি বেগম (২৫), জামাল সরদার (২২) ও নাইম সরদারকে (১২) পিটিয়ে আহত করে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ব্রহ্মপুত্র নৌরুটে আবারো ডাকাতি
রাজীবপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা\ ব্রহ্মপুত্র নদে রাজীবপুর গাইবান্ধা নৌরুটে আবারো নৌকা ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল রবিবার ব্যবসায়ীদের বহনকারী নৌকা ডাকাতির ঘটনাটি ঘটেছে গাইবান্ধা সদর থানার অধিনে ছেড়িমারা চর নামক স্থানে। এসময় ডাকাতদল ব্যবসায়ীদের কাছ থেকে মোবাইল ফোন সেটসহ প্রায় ১০ লক্ষাধিক টাকা লুট করে নেয়।
ডাকাতির শিকার ওই নৌকার মাঝি বাদশা মিয়া জানান, ওত পেতে থাকা ডাকাতদল অন্য একটি নৌকা নিয়ে তাদের নৌকার গতিরোধ করে। এসময় ডাকাতরা ৩/৪ রাউন্ড গুলি বর্ষণও করে। এরপর দা ছুরি ও লাঠি দিয়ে যাত্রীদের এলোপাথারি ভাবে মারপিট করে ডাকাতরা। এতে যাত্রীদের কাছ থেকে মোবাইল ফোনসেট ও নগদ টাকা লুট করে ডাকাতরা।
গাজায় গণহত্যার প্রতিবাদে টাঙ্গাইলে শিশুদের মানববন্ধন
টাঙ্গাইল প্রতিনিধি\ গাজায় শিশুদের উপর আক্রমণ ও হত্যার প্রতিবাদে গতকাল রবিবার টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে টাঙ্গাইলের শিশুরা। ফ্রেন্ডশিপ স্কুল ও হিউম্যানিটি ফর পিপলস এ মানববন্ধনের আয়োজন করে। শিশুদের দাবির সাথে একমত প্রকাশ করে মানববন্ধনে অংশ নেন টাঙ্গাইল ল’ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও সাংবাদিক অ্যাডভোকেট খান মোহাম্মদ খালেদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা টাঙ্গাইল শাখার সম্পাদক অ্যাডভোকেট আতাউর রহমান আজাদ, ক্লাবের সম্পাদক জাফর আহমেদ।
গৌরীপুরে কমিউনিস্ট পার্টির মানববন্ধন
গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা\ ফিলিস্তিনের ভূখণ্ড গাজায় ইসরায়েলের বর্বোরচিত হামলায় নারী, পুরুষ ও শিশুদের গণহত্যার প্রতিবাদে ময়মনসিংহের গৌরীপুরে রবিবার গৌরীপুর উপজেলা কমিউনিস্ট পার্টির উদ্যোগে পৌর শহরের সোনালী ব্যাংক চত্বরে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) ময়মনসিংহ জেলার সভাপতি আব্দুল মতিন মাষ্টার।
পাবনার ফরিদপুরে ইসরাইলের বিরুদ্ধে বিক্ষোভ
ফরিদপুর (পাবনা) সংবাদদাতা\ শনিবার বাদ আসর উপজেলায় সর্বস্তরের জনতার উদ্যোগে ইসরাইলী আগ্রাসন ও নির্বিচারে ফিলিস্তিনী শিশু ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিলে নেতৃত্ব দেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান সরকার, ভাইস চেয়ারম্যান শাপিনুর ইসলাম, উপজেলা জামায়েতের আমীর অধ্যাপক আফজাল হোসেন, উপজেলা জামে মসজিদের ঈমাম ও বনওয়ারী নগর সিনিয়র মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ জহুরুল হক সাবেরী।
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে রায়গঞ্জে মানববন্ধন
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা\ ফিলিস্তিনে নিরীহ মুসলমানদের উপর ইসরাইলের গণহত্যার প্রতিবাদে রায়গঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রায়গঞ্জ সম্মিলিত ওলামা পরিষদের উদ্যোগে গতকাল রবিবার রায়গঞ্জ পৌর বাসটার্মিনাল চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাওলানা আব্দুল বাছেত খান। এর আগে রায়গঞ্জ প্রেসক্লাব চত্বরে বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে সমাবেশে বক্তব্য রাখেন মাওঃ খালেদ সাইফুল আয়ূবী, কাজী ফজলুল করিম।
নড়িয়ায় ইসরাইলী হামলার প্রতিবাদে মানববন্ধন
নড়িয়া (শরীয়তপুর) সংবাদদাতা\ গত তিন সপ্তাহ ধরে গাজায় ইসরাইলী বাহিনীর হামলার প্রতিবাদে শরীয়তপুরের নড়িয়া ভোজেশ্বরে মানববন্ধন করেছে এলাকার বিভিন্ন মসজিদের মুসল্লি ও সাধারণ মানুষ। গতকাল রবিবার শরীয়তপুর ভোজেশ্বরের সামাজিক সংগঠন ইউনাইটেড ডেভলপমেন্ট অব বাংলাদেশ এর উদ্যোগে ভোজেশ্বর বাস স্ট্যান্ডে প্রায় তিন কিমি দীর্ঘ এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
দিনাজপুরে মুক্তিযোদ্ধা সংসদের নয়া কমিটির সংবর্ধনা
স্টাফ রিপোর্টার, দিনাজপুর \ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, স্বাধীনতা বিরোধী বিএনপি-জামায়াত চক্র আবারও যুদ্ধাপরাধীদের বাঁচাতে আন্দোলনের নামে দেশে বিশৃংখল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সেই স্বাধীনতা বিরোধী চক্রকে প্রতিহত করতে ১৯৭১-এর রনাঙ্গনের সৈনিক মুক্তিযোদ্ধাদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। তিনি বলেন, দেশের একজন মুক্তিযোদ্ধা বেঁচে থাকতে স্বাধীনতা বিরোধীদের এই দুঃস্বপ্ন কখনই বাস্তবায়ন হবে না। গতকাল রোববার দিনাজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের নবনির্বাচিত কমিটিকে দেয়া এক সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হুইপ উপরোক্ত কথাগুলো বলেন। হুইপ ইকবালুর রহিমের উদ্যোগে এই সংবর্ধনা দেয়া হয়।
জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়ে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিক গজনবীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা প্রফেসর ডাঃ এম আমজাদ হোসেন ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফরিদুল ইসলাম, ডেপুটি কমান্ডার সাইদুর রহমান ।
গাইবান্ধায় আইনজীবীদের মাঝে সনদপত্র বিতরণ
গাইবান্ধা প্রতিনিধি \ গাইবান্ধা জেলা বার এসোসিয়েশনের আয়োজনে আইনজীবীদের তিন দিনব্যাপী ওয়ারিয়েন্টেশন কোর্স সম্পন্নকারীদের গতকাল রবিবার সনদপত্র বিতরণ করা হয়েছে। সভায় সনদপত্র বিতরণ করেন জাতীয় সংসদের ডেপুটি স্পীকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া এমপি। এ উপলক্ষে জেলা বার কার্যালয়ের হলরুমে জেলা বারের সভাপতি অ্যাড. ফারুক আহমেদ প্রিন্সের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা ও দায়রা জজ এটিএম গোলাম কিবরিয়া, জেলা পরিষদ প্রশাসক অ্যাড. সৈয়দ শামস-উল-আলম হিরু, নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক অ্যাডভোকেট অরূপ কুমার গোস্বামী, বারের সাবেক সভাপতি অ্যাড. সেকেন্দার আযম আনাম, অ্যাড. শামছুল আলম প্রধান, অ্যাড. শফিকুর রহমান, বারের সাধারণ সম্পাদক অ্যাড. আহসানুল করিম লাছু প্রমুখ।
মুরাদনগরে হাফেজ আব্দুল্লাহ আল-মামুনকে সংবর্ধনা
মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা \ গত ৮ জুলাই সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় ৭০টি দেশের প্রতিযোগিদের মধ্যে কুমিল্লা মুরাদনগর উপজেলার কৃতী সন্তান হাফেজ আব্দুল্লাহ আল-মামুন প্রথম স্থান লাভ করে দেশ ও গ্রামের মুখ উজ্জল ও গৌরব বয়ে আনায় গতকাল রবিবার সকালে তার গ্রামের বাড়িতে সংবর্ধনা দেয় মুরাদনগর উপজেলা বিএনপি। হাফেজ আব্দুল্লাহ আল-মামুন উপজেলার সদর ইউনিয়নের হিরাকান্দা গ্রামের মো: আবুল বাশারের ছেলে। উপস্থিত ছিলেন, বিএনপি নেতা নজরুল ইসলাম, নায়েব আলী, যুবদল নেতা মাহমুদুল হাছান, ওমর আলী, কায়কোবাদ ফোরামের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শিরাজ মুন্সী, মাসুদ রানা, মাসুম মুন্সী, ছাত্রদল নেতা বাদশা, বাবলু, নাজিম উদ্দিন প্রমুখ।
কুলিয়ারচরে বাস-পিকআপ ভ্যান সংঘর্ষে আহত ৩০
কুলিয়ারচর (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী অনন্যা সুপার ঢাকা থেকে কিশোরগঞ্জগামী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর পিকআপ ভ্যান মুখোমুখি সংঘর্ষে ৩০ জন আহত হয়েছে। গতকাল রবিবার কুলিয়ারচর উপজেলার বাজরা-আগরপুর বাসস্ট্যান্ডের মহাসড়কে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। আহতদের বাজিতপুর-ভাগলপুর জহুরুল ইসলাম মেডিক্যালে ভর্তি করা হয়। এদের মধ্যে পিকআপ ভ্যান ও অনন্যা সুপার ড্রাইভারসহ ৮ জনের অবস্থা আশংকাজনক। পরে কুলিয়ারচর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন খান ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বনগাঁও সীমান্তে ৪ লাখ টাকার ভারতীয় মদ উদ্ধার
সুনামগঞ্জ প্রতিনিধি \ সুনামগঞ্জ সদর উপজেলার বনগাঁও সীমান্ত এলাকা থেকে বিজিবি সোয়া ৪ লাখ টাকার অধিক মূল্যের ভারতীয় মদ উদ্ধার করেছে। সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের চিলাউড়ার হাজি টিলার সীমান্তবর্তী মেইন পিলার ১২১৬ এর টু এস এলাকায় রবিবার সকালে অভিযান চালিয়ে বিজিবি ভারতীয় মদের চালানটি উদ্ধার করে।
সুনামগঞ্জ-৮ বর্ডারগার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল গোলাম মহিউদ্দিন খন্দকার জানান, সদর উপজেলার বনগাঁও ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোহাম্মদ খাঁনের নেতৃত্বে বিজিবির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রবিবার সকালে সীমান্তবর্তী হাজি টিলায় অভিযান চালিয়ে ২৮৫ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদের বোতল উদ্ধার করে।
রাণীনগরে দু’দিনেও ডাকাতি মামলা রুজু হয়নি
রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা \ নওগাঁর রাণীনগরে হিন্দু পরিবারে দূর্ধর্ষ ডাকাতির ঘটনায় চুরির মামলা না করায় গত দু’দিনেও রুজু হয়নি ডাকাতি মামলা। বরং ওসির বিরুদ্ধে। ওই পরিবারকে নিরাপত্তা না দিয়ে এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নেয়ার নির্দেশ দেয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল রবিবার রাণীনগর প্রেসক্লাবে ডাকাতির শিকার ওই পরিবারের সদস্য অসিম চন্দ্রের মা শিতারাণী, বোন চন্দনা ও অঞ্জলি রাণী সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, গত শুক্রবার রাতে তাদের বাড়িতে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটলেও রাণীনগর থানার ওসি ডাকাতি মামলা নেয়নি। চন্দনা রাণী বিষ্ময় প্রকাশ করে বলেন, শনিবার বিকেলে ওসি আব্দুল্লাহ আল মাসউদ চৌধুরী ডাকাতির ঘটনাস্থল পরিদর্শনকালে আমাদেরকে নিরাপত্তা দিতে পারবে না জানিয়ে দ্রুত এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নেয়ার নির্দেশ দেন। ফলে আমরা চরম নিরাপত্তাহীনতায় এবং আতংকে দিনাতিপাত করছি। এ ব্যাপারে ওসি বলেন, আমি বার বার চেষ্টা করছি ওই পরিবারের লোকজনদের ডেকে মামলা দিতে কিন্তু তাদের দেখা না পাওয়ায় মামলা নেয়া সম্ভব হয়নি ।
চাটখিল কলেজ শাখা ছাত্রদলের কমিটি ঘোষণা
চাটখিল ও সোনাইমুড়ি (নোয়াখালী) সংবাদদাতা \ নোয়াখালী জেলার চাটখিল পাঁচগাঁও মাহবুব সরকারি ডিগ্রি কলেজ শাখা জাতীয়তাবাদী ছাত্র দলের কমিটি ঘোষণা করা হয়েছে। আলাউদ্দিন কাজলকে সভাপতি এবং মমিন হোসেনকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। জেলা ছাত্রদল সভাপতি নূরুল আমিন খান ও সাধারণ সম্পাদক ছাবের আহাম্মেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়েছে।
বাগেরহাটে অস্ত্রসহ শিবির ক্যাডারের ভাই গ্রেফতার
বাগেরহাট প্রতিনিধি \ বাগেরহাট মোরেলগঞ্জে অস্ত্র ও গুলিসহ এমাদুল মৃধাকে (৩৭) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রবিবার মোরেলগঞ্জ উপজেলার জিউধারা ইউনিয়নের লক্ষীখালী এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত এমাদুল শিবির ক্যাডার ওমর ফারুখ ওরফে এনামুলের ভাই। মোরেলগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম খান জানান, গতকাল রবিবার ভোররাতে ঢাকার শিবির ক্যাডার ওমর ফারুক ওরফে এনামুলের পিতা উপজেলার লক্ষীখালী গ্রামের আফজাল হোসেনের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশ এনামুলকে না পেয়ে তার ভাই এমাদুলকে গ্রেফতার করে। পরে তার স্বীকারোক্তি মতে পুলিশ ওই বাড়ি থেকে একটি অত্যাধুনিক দেশি তৈরি ডাবল ব্যারেল পাইপগান উদ্ধার করে।
ডোমারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
ডোমার (নীলফামারী) সংবাদদাতা \ নীলফামারীর ডোমার উপজেলায় ২০১৪ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার রাতে স্থানীয় শহীদ ধীরাজ মিজান স্মৃতি পাঠাগার হলরুমে শহীদ ধীরাজ মিজান স্মৃতি পাঠাগার ও মিলনায়তন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে পাঠাগারের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় পাঠাগারের সিনিয়র সহ-সভাপতি প্রভাষক খায়রুল আলম বাবুল, সম্পাদক আবু সুফিয়ান লেবু, ক্রীড়া সম্পাদক সহিদার রহমান মানিক, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আল-আমীন রহমান, কার্যকরী সদস্য মাসুদ-বীন-আমীন, অভিভাবক শাহিনুল ইসলাম বাবু, ডেইজি নাজনীন মাশরাফি, কৃতী শিক্ষার্থী রাগিব শাহরিয়ার দুর্লভ, ফাহিমা আক্তার মিম বক্তব্য রাখেন।
বাকেরগঞ্জে বাস যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায়
বাকেরগঞ্জ (বরিশাল) সংবাদদাতা \ বিভিন্ন স্থান থেকে বাকেরগঞ্জে ঈদ করতে আসা যাত্রীদের থেকে প্রায় দ্বিগুণ ভাড়া আদায় করছে বরিশাল পটুয়াখালী মিনিবাস মালিক সমিতি ও পরিবহন মালিকরা। কাউন্টার থেকে ঈদের আগে যে টিকেট ৩৫ টাকা বিক্রি হত তা বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা। এবং ঢাকাগামী পরিবহন সাকুরা ৪০০ টাকার টিকিটে এখন ৭০০ টাকা এবং এসি গাড়ি ১৪০০ টাকায় টিকিট বিক্রি হচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়ায় ওয়ার্কার্স পার্টির মানববন্ধন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি\ ইসরাইলীদের বর্বর হামলার প্রতিবাদে গতকাল রবিবার ব্রাহ্মণবাড়িয়ায় জেলা ওয়ার্কার্স পার্টির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি এ্যাডভোকেট কাজী মাসুদ আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন পার্টির সাধারণ সম্পাদক আবু সাঈদ খান, সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড নজরুল ইসলাম।
মেহেরপুরের স্কুল ছাত্রী বাল্যবিয়ে থেকে রক্ষা পেল
মেহেরপুর প্রতিনিধি\ বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেল স্কুল ছাত্রী হাসনা বানু (১৪)। উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে বিয়ের অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান ও থানা পুলিশ উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করে দেন। মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের মনোহরপুর ঘাটপাড়ার মহসীন আলীর মেয়ে হাসনা বানু এবছর উজুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। রবিবার তার বিয়ে হওয়ার দিন ধার্য ছিল সদর উপজেলার চাঁদপুর গ্রামের পটলের ছেলে টোটনের (২৩) সাথে। সময়মত বরপক্ষ বিয়ে বাড়িতে উপস্থিত হন। এমন সময় মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানা নির্দেশে কুতুবপুর ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী মাষ্টার ও এএসআই লিয়াকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশে উপস্থিতি দেখে বরপক্ষ খানা খাওয়া ফেলে পালিয়ে যান।
নেত্রকোনায় নৃত্যশিল্পী সংস্থার কমিটি গঠন
নেত্রকোনা প্রতিনিধি \ বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার ২১ সদস্য বিশিষ্ট নেত্রকোনা জেলা শাখা কমিটির আত্মপ্রকাশ উপলক্ষে গতকাল রবিবার নেত্রকোনা জেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। নবগঠিত সংস্থার সভাপতি নিগার সাইফ মুক্তার সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন সংস্থার সম্পাদক বিশিষ্ট নৃত্যশিল্পী তমা রায়, কবি ও সাংবাদিক আল-আজাদ, সাংবাদিক সমিতির আহ্বায়ক হায়দার জাহান চৌধুরী, জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি শ্যামলেন্দু পাল, সংস্থার সাংগঠনিক সম্পাদক এসএম সানাউল হাফিজ জামরুল।
ধামরাইয়ে ঈদ-উত্তর আড্ডা
ধামরাই (ঢাকা) সংবাদদাতা \ প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ-উত্তর আড্ডায় মুখরিত হয়ে উঠে উপজেলার কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয় ক্যাম্পাস। উত্সবে মেতে উঠে ওই বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা। আলোচনা ও স্মৃতিচারণ অনুষ্ঠান হয় ওই বিদ্যালয়ের অত্যাধুনিক ক্যান্টিন ‘কফি হাউজ’এ। শ্লোগান ছিল ‘‘আমরা-৭৬’’। ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আসকের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ এনামূল হক আইয়ূবসহ প্রাক্তন ও বর্তমান শিক্ষকবৃন্দ ছিলেন আমন্ত্রিত অতিথি। স্মৃতি বিজড়িত বক্তব্য রাখেন যাদবপুরের ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজু, কার্ডিওলজিস্ট ডাঃ মনোরঞ্জন খান, ডাঃ এহসানুল করিম দুলু, অধ্যাপক হাফিজ উদ্দিন, লতা, গণি প্রমুখ।
বাগেরহাটের চুলকাঠিতে বোমাসহ ডাকাত আটক
ফকিরহাট (বাগেরহাট) সংবাদদাতা \ বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি এলাকায় প্রবাসীর বাড়িতে ডাকাতি করে পালিয়ে আসার সময় স্থানীয় জনতার হাতে ৫টি বোমাসহ এক ডাকাত আটক হয়েছে। এসময় স্থানীয় দু’জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে, শনিবার গভীর রাতে রাখালগাছী ইউনিয়নের চুলকাঠির নবাবপুর এলাকায়। ভুক্তভোগী ও পুলিশ জানায়, উক্ত দিন গভীর রাতে মৃত ইসারাত্ আলীর পুত্র প্রবাসী হেনায়েত আলীর বাড়িতে ৫/৬জনের একদল ডাকাত প্রবেশ করে অস্ত্রের মুখে পরিবারের সকলকে জিম্মি করে নগদ ৬০হাজার টাকাসহ প্রায় আড়াই লক্ষ টাকার মালামাল নিয়ে পালিয়ে যাচ্ছিল।
বকশীগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা \ বকশীগঞ্জ মুক্তিযোদ্ধা বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ এবং সদর ইউনিয়নের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল রবিবার ইউপি চেয়ারম্যান ফখরুজ্জামান মতিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, ইউএনও এরশাদ হোসেন খান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, ড.ইঞ্জিনিয়ার মোফাজ্জল হক, অধ্যক্ষ আবদুর রাজ্জাক, অধ্যক্ষ হেলাল উদ্দিন খান, আবিরুজ্জামান আক্কাছ। বক্তব্য রাখেন প্রফেসর বজলুর রশিদ, প্রধান শিক্ষক মোহাম্মদ আলী ও শিক্ষার্থী আব্দুল্লাহহেল কাফি।
পুটখালী সীমান্তে পাচারকারীসহ ১৩জন আটক
বেনাপোল (যশোর) সংবাদদাতা \ অবৈধ পথে ভারতে যাওযার সময় বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে ১৩ নারী-পুরুষকে আটক করেছে বিজিবি। আটককৃতদের মধ্যে ৪ জন পাচারকারী রয়েছে। ২৩ বিজিবি কমান্ডার লেঃ কর্নেল মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুটখালী সীমান্তের বালুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে ৪ পাচারকারীসহ ১৩ নারী-পুরুষকে আটক করা হয়েছে। এ সময় অপর একটি অভিযানে একই এলাকা থেকে ভারতে পাচারের সময় উদ্ধার করা হয়েছে ২ কিশোরীকে।
আমতলীতে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার
আমতলী (বরগুনা) সংবাদদাতা \ আমতলীতে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য শহিদ আকন (২২) ও দেলোয়ার হোসেন দেলুকে(৪০) আটক করেছে স্থানীয় জনতা। আমতলী থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে হলদিয়া ইউনিয়নের টেপুরা গ্রামের কালামের বাড়িতে ডাকাতি শেষে ফেরার পথে স্থানীয় জনতা ডাকাত শহীদ ও দেলোয়ারকে দা ও ছোরাসহ ধাওয়া করে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন পিপিএম জানান, আটককৃত ডাকাত শহীদ ও দেলোয়ার আন্তঃজেলা ডাকাত দলের সদস্য।
