নরসিংদীতে সন্ত্রাসীদের সাথে বন্দুকযুদ্ধে ৩ পুলিশ আহত

আপডেট : ০৩ আগস্ট ২০১৪, ২২:২৯
নরসিংদীতে সন্ত্রাসীদের সাথে বন্দুকযুদ্ধে ৩ পুলিশ সদস্য আহত হয়েছে। আহতরা হলেন, নরসিংদী সদর থানার এসআই প্রদীপ, ডিবির এসআই সোহেল আহমেদ ও কনস্টেবল দেলোয়ার। আহত পুলিশ সদস্যদের নরসিংদী সদর হাসপাতালে এবং পুলিশের হাতে গ্রেফতারকৃত আহত সন্ত্রাসী দীপুকে গুলিবিদ্ধ অবস্থায় চিকিত্সার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, শহরের দত্তপাড়া এলাকার কুখ্যাত সন্ত্রাসী রহিম বাদশা হত্যাসহ ১০টি মামলার পলাতক আসামি সন্ত্রাসী দীপুকে ঝিনাইদহ পুলিশের সহযোগিতায় নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শাহ নেওয়াজ খালেদের নেতৃত্বে গ্রেফতার করে শুক্রবার রাতে নরসিংদীতে নিয়ে আসা হয়। শনিবার রাতে দীপুকে নিয়ে শহরের দত্তপাড়া এলাকায় অন্য আসামিদের খোঁজে বের হয় নরসিংদী সদর মডেল থানা ও ডিবি পুলিশের একটি দল। এসময় দীপুর সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। এসময় পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে দীপুর সহযোগীরা পালিয়ে যায়। এতে ৩ পুলিশ আহত হয়। পুলিশের হাতে আটক দীপুও আহত হয়। এসময় পুলিশ একটি বিদেশি পিস্তল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করে।