জেলার ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি জাতীয়তাবাদী তাঁতী দলের ফেনী জেলা আহ্বায়ক মাহতাব উদ্দিন চৌধুরী মিনারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। জেলার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের পক্ষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর মুহাম্মদ ফারুকী গতকাল রবিবার এ আদেশ দেন।
আসামির আইনজীবী অ্যাডভোকেট মেজবা উদ্দিন খান জানান, একরাম হত্যা মামলার আসামি মাহাতাব উদ্দিন আহম্মেদ চৌধুরী মিনার গত ৩১ জুলাই থেকে শারীরিক অসুস্থতার কারণে ঢাকায় এক হাসপাতালে চিকিত্সাধীন আছেন। হাইকোর্টের আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকি তার জামিনের আদেশ স্থগিত করে গত ২০ জুলাই ২ সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। রবিবার ছিল আত্মসমর্পণের শেষ দিন। এদিকে গত ১৫ জুলাই হাইকোর্টের বিচারপতি সিনিয়র জজ বোরহান উদ্দিন ও একেএম কামাল কাদের তার ৬ মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।
উল্লেখ্য, ফেনী শহরে একাডেমি এলাকার বিলাসী সিনেমা হলের সামনে গত ২০ মে ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান একরামুল হক একরামকে দুর্বৃত্তরা প্রকাশ্যে গুলি করে হত্যা করে। এ ঘটনায় নিহতের বড় ভাই রেজাউল হক জসিম বাদি হয়ে জেলা তাঁতী দলের আহ্বায়ক বিএনপি নেতা মাহাতার উদ্দিন আহম্মদ চৌধুরী মিনারের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০-৩৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন। এ ঘটনায় ৩১ জন গ্রেফতার হয়েছে। এদের মধ্যে একরাম হত্যার সাথে জড়িত থাকার দায় স্বীকার করে ১৬ জন আসামি আদালতে জবানবন্দি দিয়েছে।
