যুদ্ধাপরাধ বিষয়ক মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিশেষ দূত স্টিফেন জে র্যাপ তিন দিনের সফরে আজ সোমবার সকালে ঢাকা আসছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণসহ বিভিন্ন পক্ষের সঙ্গে মতবিনিময়ই এই মার্কিন দূতের ঢাকা সফরের লক্ষ্য।
২০১০ সালে ইতিহাসে প্রথমবারের মতো একাত্তরের যুদ্ধাপরাধের বিচার শুরু হবার পর মার্কিন দূত তিনবার বাংলাদেশ সফর করেন। মানবতাবিরোধী অপরাধ বিশেষজ্ঞ ও পৃথিবীর বিভিন্ন অঞ্চলে পরিচালিত এ ধরনের বিচার কার্যক্রমের পর্যবেক্ষক হলেন স্টিফেন র্যাপ। এবার তিনি চতুর্থ দফায় ঢাকা সফর করছেন। আজ সকালে ঢাকা পৌঁছার পর যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করবেন এবং সেখানে রাষ্ট্রপক্ষ, তদন্ত দল ও ট্রাইব্যুনাল কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন। দুপুরে সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করবেন। সন্ধ্যায় স্থানীয় একটি হোটেলে জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। আগামীকাল মঙ্গলবার পররাষ্ট্র সচিব ও আইন মন্ত্রীর সঙ্গে সাক্ষাত্ ছাড়াও সুশীল সমাজ ও গণমাধ্যম প্রতিনিধির সঙ্গে মতবিনিময়ের কর্মসূচি রয়েছে তার।
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের রায়ে গত ১২ ডিসেম্বর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার ফাঁসি কার্যকর হয়। কাদের মোল্লাসহ অন্যান্য যুদ্ধাপরাধীর বিচার প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন স্টিফেন র্যাপ। কাদের মোল্লার ফাঁসি কার্যকর হওয়ার পর এই সফরে আসছেন তিনি।
