প্রাথমিক সমাপনী পরীক্ষা ২৩ নভেম্বর শুরু

আপডেট : ০৩ আগস্ট ২০১৪, ২২:৪৭
আগামী ২৩ নভেম্বর প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হবে। এতে অংশ নেবে পঞ্চম শ্রেণি পড়ুয়া প্রায় ৩১ লাখ শিক্ষার্থী। রবিবার সচিবালয়ে ‘প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা-২০১৪ এর জাতীয় স্টিয়ারিং কমিটি’র সভায় এই তারিখ নির্ধারণ করা হয়। ৩০ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে দেড়টা পর্যন্ত এ পরীক্ষা হবে। পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে ৬০ টাকা। এবার প্রাথমিক সমাপনীতে সম্ভাব্য পরীক্ষার্থীর সংখ্যা ২৭ লাখ ৯৯ হাজার ৬১৩ জন। আর ইবতেদায়ীতে ৩ লাখ ১১ হাজার ২৬৫ জন। আগামী ২৮ ডিসেম্বর প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। উত্তীর্ণ শিক্ষার্থীদের আগামী ২০ জানুয়ারি সনদপত্র দেয়া হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মুস্তাফিজুর রহমান ফিজার, সচিব কাজী আখতার হোসেন, প্রাথমিক শিক্ষা অধিপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ প্রমুখ সভায় উপস্থিত ছিলেন। প্রাথমিক সমাপনী সূচি ২৩ নভেম্বর ইংরেজি, ২৪ নভেম্বর বাংলা, ২৫ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ২৬ নভেম্বর প্রাথমিক বিজ্ঞান, ২৭ নভেম্বর ধর্ম ও নৈতিক শিক্ষা এবং ৩০ নভেম্বর গণিত। ইবতেদায়ী সমাপনী সূচি ২৩ নভেম্বর ইংরেজি, ২৪ নভেম্বর বাংলা, ২৫ নভেম্বর পরিবেশ পরিচিতি সমাজ/পরিবেশ পরিচিতি বিজ্ঞান, ২৬ নভেম্বর আরবি, ২৭ নভেম্বর কুরআন ও তাজবীদ এবং আকাঈদ ও ফিকহ্ এবং ৩০ নভেম্বর গণিত। জেএসসি-জেডিসি: অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা (জেএসসি) ২ নভেম্বর থেকে শুরু হবে। পরীক্ষা চলবে ১৮ নভেম্বর পর্যন্ত। ইতিমধ্যে শিক্ষা বোর্ডগুলো জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার সূচি প্রকাশ করেছে। দুই বোর্ডের ওয়েব সাইটেও (www.dhakaeducationboard.gov.bd ও www.bmeb.gov.bd) সূচি প্রকাশ করা হয়েছে।