গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও যুদ্ধাপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাহউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আগামী ৩ সেপ্টেম্বর নির্ধারণ করেছে আদালত। গতকাল রবিবার চট্টগ্রামের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. আসশামস জগলুল হোসেন আসামি পক্ষের আইনজীবীর আবেদনে পরবর্তী তারিখ নির্ধারণ করেন। তবে গতকাল সালাহউদ্দিন কাদের চৌধুরীকে আদালতে হাজির করা হয়নি।
আদালত সূত্র জানায়, আনীত অভিযোগ নিয়ে দায়ের করা মামলা থেকে সালাহউদ্দিন কাদের চৌধুরীকে অব্যাহতি প্রদানের জন্য ইতিপূর্বে আদালতে আবেদন করেন ?আসামিপক্ষ। আবেদনের ওপর ও অভিযোগ গঠনের শুনানিতে বক্তব্য উপস্থাপনের জন্য আসামিপক্ষের আইনজীবী সময় চেয়ে আবেদন করেন। এছাড়া অভিযোগপত্রের ওপর একটি নারাজি পিটিশন দাখিল করেছে রাষ্ট্রপক্ষ। এই পিটিশনের ওপর শুনানির জন্যও আসামিপক্ষ সময় চেয়েছে। এ অবস্থায় বিচারক আসামিপক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেন।
ঢাকার পল্টনে বেগম খালেদা জিয়াকে জনসভার অনুমতি না দেয়?ার প্রতিবাদে এবং সালাহউদ্দিন কাদের চৌধুরীকে গ্রেফতারের গুজবে ২০১০ সালের ৭ নভেম্বর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া এবং সলিমপুর এলাকায় গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সীতাকুণ্ড থানার এস আই গোলাম ফারুক ভুঁইয়া বাদি হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেন। মামলা দুটিতে সালাহউদ্দিন কাদের চৌধুরীকে প্রধান আসামি করে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
