সিম্যান্টেক ও ক্যাসপারস্কি ল্যাবকে বাদ দিল চীন

আপডেট : ০৪ আগস্ট ২০১৪, ১৯:৪৬
চীন সরকারের প্রকিউরমেন্ট বিভাগের অনুমোদিত তালিকা থেকে বাদ পড়েছে সিম্যান্টেক ও ক্যাসপারস্কি ল্যাবের অ্যান্টিভাইরাস পণ্য। চীনের রাষ্ট্রায়ত্ত্ব সংবাদ সংস্থা পিপল’র ডেইলি এই খবর জানিয়েছে। খবরে বলা হয়, সাইবার সিকিউরিটি সফটওয়্যারের জন্য চীনের সরকারি প্রকিউরমেন্ট বিভাগ থেকে যেসব প্রতিষ্ঠানের অনুমোদন রয়েছে সেই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে সিম্যান্টেক ও ক্যাসপারস্কি ল্যাবকে। যুক্তরাষ্ট্রের সিম্যান্টেক এবং রাশিয়ার ক্যাসপারস্কি ল্যাবকে বাদ দিয়ে যে পাঁচটি সাইবার সিকিউরিটি পণ্য নির্মাতাকে অনুমোদন দেওয়া হয়েছে, তার সবগুলোই চীনের। সিম্যান্টেক ও ক্যাসপারস্কি ল্যাবের পণ্য ঝুঁকিপ্রবণ এবং এগুলোতে তথ্য হারানোর আশঙ্কা থেকেই এগুলোকে বাদ দেওয়া হয়েছে বলে এক বার্তায় জানায় চীনের জনপ্রতিরক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে ক্যাসপারস্কি এবং সিম্যান্টেকের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।